'ডেলিভারির নামে মৃত্যু!' বর্ধমানে নার্সিংহোমে ভাঙচুর, উত্তেজনা চরমে

Apr 25, 2026 - 14:15
 1
'ডেলিভারির নামে মৃত্যু!' বর্ধমানে নার্সিংহোমে ভাঙচুর, উত্তেজনা চরমে

পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের নবাবহাট এলাকায় এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার তীব্র উত্তেজনা ছড়ায়। অভিযোগের তীর একটি বেসরকারি নার্সিংহোমের দিকে। ঘটনার জেরে ক্ষুব্ধ জনতা নার্সিংহোমে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই নার্সিংহোমের মালিক-সহ তিন কর্মীকে আটক করেছে পশ্চিমবঙ্গ পুলিশ এবং শুরু হয়েছে তদন্ত।

জানা গিয়েছে, মঙ্গলকোটের বাসিন্দা ২৩ বছরের রিজিয়া খাতুন প্রসব যন্ত্রণা নিয়ে ওই নার্সিংহোমে ভর্তি হন। পরিবারের দাবি, সুস্থ অবস্থাতেই তাঁকে ভর্তি করা হয়েছিল। কিন্তু অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে।

মৃতার মায়ের অভিযোগ, "অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার সময় আমার মেয়ে 'মা মা' করে চিৎকার করছিল। আমরা বারবার জানতে চাইলেও কেউ কিছু জানায়নি। শুধু বলা হচ্ছিল প্রেসার বেড়েছে, ঠিক হয়ে যাবে। শেষে আমার মেয়েকে ওরা কুরবানী দিয়ে দিল।"

পরিবারের অন্যান্য সদস্যরাও ক্ষোভউগরে দেন। তাঁদের অভিযোগ, চিকিৎসায় গাফিলতি ও তথ্য গোপনের কারণেই এই মৃত্যু। মৃতার এক আত্মীয় বলেন, "এখানে চিকিৎসা নয়, টাকা রোজগারটাই আসল লক্ষ্য।"

অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছে নার্সিংহোম কর্তৃপক্ষ। নার্সিংহোমের মালিক ডাঃ প্রণয় ঘোষ জানান, রোগীর সিজারিয়ান অপারেশন চলাকালীন খিঁচুনি শুরু হয়। অপারেশন সফল হলেও পরে মা ও নবজাতকের শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরিবারের অনুমতি নিয়েই তাঁদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রোগীর মৃত্যু হয় বলে দাবি তাঁর।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিক্ষুব্ধ জনতা নার্সিংহোমে ভাঙচুর চালায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।

চিকিৎসায় গাফিলতি, না কি জটিল শারীরিক কারণ-তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। মৃতার পরিবারের পক্ষ থেকে দোষীদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। ঘটনার পর থেকেই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।