ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের নোয়াগা গ্রামে খাবারে বিষ মিশিয়ে ৭০ শূকর হত্যার অভিযোগ, চাঞ্চল্য
ঝাড়গ্রাম: রহস্যজনকভাবে প্রায় ৭০টি শূকরের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল সাঁকরাইল ব্লকের নোয়াগা গ্রামে। অভিযোগ, খামারের খাবারের সঙ্গে বিষ মিশিয়ে পরিকল্পিতভাবে এই নাশকতা করা হয়েছে। ঘটনায় ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন খামার মালিক তপন মাইতি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বনির্ভরতার আশায় শূকর পালন শুরু করেছিলেন তপনবাবু। ধীরে ধীরে তাঁর খামারে প্রায় ৯০ থেকে ৯৫টি শূকর হয়। কিন্তু হঠাৎই খামারে গিয়ে তিনি দেখেন, একের পর এক শূকর মাটিতে লুটিয়ে পড়ছে। বহু শূকরের ঘটনাস্থলেই মৃত্যু হয়, বেশ কিছু এখনও অসুস্থ অবস্থায় রয়েছে।
খবর পেয়ে তদন্তে নামে সাঁকরাইল থানা পুলিশ। ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তপন মাইতি। তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবে খাবারে বিষ মিশিয়ে এই ক্ষতি করা হয়েছে।
খামার মালিকের দাবি, এই ঘটনায় প্রায় ১৫ থেকে ২০ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। আকস্মিক এই বিপর্যয়ে চরম দুশ্চিন্তায় পড়েছে তাঁর পরিবার। অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ ঘটনার প্রকৃত কারণ ও দোষীদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে।