জামালপুরে তৃণমূলের শক্তি প্রদর্শন, শতাব্দী রায়ের রোড শোতে জনজোয়ার
পূর্ব বর্ধমান: আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে জামালপুরে তৃণমূল কংগ্রেসের প্রচারে নতুন মাত্রা যোগ করলেন সাংসদ তথা অভিনেত্রী শতাব্দী রায়। রবিবার তৃণমূল প্রার্থী ভূতনাথ মালিকের সমর্থনে বিশাল রোড শো করেন তিনি। কর্মসূচিতে কয়েক হাজার কর্মী-সমর্থকের উপস্থিতি এলাকায় নির্বাচনী উত্তাপ আরও বাড়িয়ে তোলে।
ব্লক সভাপতি মেহেমুদ খানের উদ্যোগে আয়োজিত এই রোড শো ঘিরে সকাল থেকেই উৎসবের আবহ ছিল চোখে পড়ার মতো। দলীয় পতাকা, ব্যানার এবং স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা জামালপুর এলাকা।
রোড শো শেষে কাড়ালাঘাট মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে শতাব্দী রায় সরাসরি বিজেপিকে আক্রমণ করে বলেন, "ধর্ম নিয়ে যারা রাজনীতি করে, সেই ফাঁদে পা দেবেন না। ধর্ম ব্যক্তিগত বিষয়, এটা কখনওই রাজনীতির হাতিয়ার হতে পারে না।"
সভামঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী ভূতনাথ মালিক, মেহেমুদ খান-সহ একাধিক স্থানীয় নেতা। এদিনের কর্মসূচিতে দলবদলের ঘটনাও নজর কেড়েছে। দলীয় সূত্রের দাবি, বিজেপি ও সিপিএম ছেড়ে বেশ কয়েকজন কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন।
ভোেট যত এগিয়ে আসছে, ততই জেলার বিভিন্ন প্রান্তে রাজনৈতিক দলগুলির প্রচার তত তীব্র হচ্ছে। জামালপুরের এই রোড শো একদিকে যেমন তৃণমূলের শক্তি প্রদর্শন, তেমনই বিরোধীদের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে নির্বাচনী বার্তা স্পষ্ট করে দিল।