জলপাইগুড়িতে মিঠুনের রোড শোয়ে জনজোয়ার, বিজেপির শক্তিপ্রদর্শন

Apr 19, 2026 - 14:50
 8
জলপাইগুড়িতে মিঠুনের রোড শোয়ে জনজোয়ার, বিজেপির শক্তিপ্রদর্শন

জলপাইগুড়ি: ডুয়ার্সের নাগরাকাটা বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে চমক দিল বিজেপি। দলীয় প্রার্থী পুনা ভেংড়া-র সমর্থনে মেটেলিতে রোড শো করলেন বিজেপির তারকা প্রচারক তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী।

এদিন দুপুরে চালসার টিয়াবন হেলিপ্যাডে অবতরণ করেন মিঠুন চক্রবর্তী। সেখান থেকে সড়ক পথে তিনি পৌঁছন মেটেলি বাজারের ইনডং মোড়ে। সেখানে উপস্থিত বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। মিঠুন চক্রবর্তীকে স্বাগত জানান প্রার্থী পুনা ভেংড়া সহ বিজেপির জেলা নেতৃত্ব।

ইনডং মোড়ে বীর বিপ্লবী বিরসা মুন্ডা-র মূর্তিতে মাল্যদান করে শুরু হয় রোড শো। এরপর হুড খোলা গাড়িতে প্রার্থীকে পাশে নিয়ে মেটেলি বাজার চৌপথি পর্যন্ত যান মিঠুন চক্রবর্তী। রাস্তাজুড়ে হাজার হাজার কর্মী-সমর্থকের ভিড় রোড শোকে জনজোয়ারে পরিণত করে।

তারকা প্রচারককে এক নজর দেখতে ভিড় করেন স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ। গোটা এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনীও।

নির্বাচনের আগে এই রোড শোকে ঘিরে বিজেপির শক্তিপ্রদর্শন যে স্পষ্টভাবে সামনে এল, তা বলাই বাহুল্য।