জলপাইগুড়ি সদরে কাঁচা চা পাতা দিয়ে হস্তশিল্পভিত্তিক চা উৎপাদনের প্রশিক্ষণ, স্বনির্ভরতার পথে অভিনব উদ্যোগ

Feb 27, 2026 - 08:33
 0
জলপাইগুড়ি সদরে কাঁচা চা পাতা দিয়ে হস্তশিল্পভিত্তিক চা উৎপাদনের প্রশিক্ষণ, স্বনির্ভরতার পথে অভিনব উদ্যোগ

গ্রামের মহিলাদের পাশাপাশি যুবক-যুবতীদের স্বনির্ভর করতে অভিনব উদ্যোগ নিল জলপাইগুড়ি সদর ব্লক প্রশাসন। কাঁচা চা পাতা থেকে কারখানার যন্ত্র ছাড়াই কীভাবে হস্তশিল্প পদ্ধতিতে চা উৎপাদন করা যায়, সেই বিষয়ে বুধবার থেকে ব্লক অফিসে শুরু হল বিশেষ প্রশিক্ষণ শিবির।

সদর ব্লকের বিভিন্ন গ্রামীণ এলাকা থেকে বহু মহিলা এই প্রশিক্ষণে অংশ নেন। ব্লক প্রশাসনের দাবি, হস্তশিল্পভিত্তিক চা উৎপাদনের দক্ষতা বাড়াতে এবং ক্ষুদ্র চা চাষিদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতেই এই উদ্যোগ।

জানা গিয়েছে, জলপাইগুড়ি সদর ব্লকের আশেপাশে প্রচুর ক্ষুদ্র চা বাগান রয়েছে। সাধারণত চাষিদের কাঁচা চা পাতা বটেলিফ কারখানায় বিক্রি করতে হয়। অনেক সময় চা পাতার ন্যায্য দাম পান না চাষিরা। সেই পরিস্থিতিতে কারখানার যন্ত্র ছাড়াই কাঁচা চা পাতা থেকে সরাসরি চা উৎপাদনের কৌশল শেখানো হচ্ছে এই প্রশিক্ষণে।

এদিন চা শিল্পের সঙ্গে যুক্ত অভিজ্ঞ ব্যক্তিদের উপস্থিতিতে হাতেকলমে চা তৈরির পদ্ধতি বোঝানো হয়। ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনেও এই প্রশিক্ষণ চলবে এবং ইচ্ছুক যে কেউ অংশ নিতে পারবেন।

ক্ষুদ্র চা চাষি সমিতির জেলা সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী বলেন, হাতে তৈরি চায়ের বিদেশে যথেষ্ট চাহিদা রয়েছে এবং রপ্তানির ক্ষেত্রেও সুবিধা পাওয়া যায়। ব্লক প্রশাসনের এই উদ্যোগ সফল হবে বলেই তিনি আশাবাদী।

সদর বিডিও মিহির কর্মকার জানান, বটেলিফ কারখানার উপর নির্ভর না করেই চা উৎপাদনের পদ্ধতি শেখানো হচ্ছে। চা পাতার দাম কম থাকলেও উৎপাদিত চা বিক্রি করে চাষিরা লাভবান হতে পারবেন। মহিলাদের স্বনির্ভর করতেই এই প্রশিক্ষণের আয়োজন।

পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় রায় বলেন, এলাকায় প্রচুর ক্ষুদ্র চা বাগান রয়েছে। চা পাতার দাম অনেক সময় ১২-১৪ টাকায় নেমে আসে। সে ক্ষেত্রে নিজেরাই চা উৎপাদন করতে পারলে চাষিরা বেশি লাভের মুখ দেখবেন।

সব মিলিয়ে স্বনির্ভরতার পথে জলপাইগুড়ি সদরে এই উদ্যোগকে ঘিরে আশার আলো দেখছেন ক্ষুদ্র চা চাষিরা।