গণপিটুনিতে মৃত্যু, ঘটনাস্থলে কংগ্রেস নেতৃত্ব।
রফিকুল ঢালী
দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে গণপিটুনিতে ভিন্ রাজ্যের যুবকের মৃত্যুর ঘটনায় মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার সহ কংগ্রেসের প্রতিনিধিরা। কুলতলীর যে বাড়িতে যুবকটি এসেছিলেন, সেই বাড়িতে এ দিন কেউ ছিলেন না। কুলতলি থানাতে ও যান তাঁরা। শুভঙ্কর জানান, পশ্চিমবঙ্গের ছেলেরা বিজেপি শাসিত অন্য রাজ্যে গিয়ে এ ধরনের ঘটনার মুখে পড়েছেন। এখন অন্য রাজ্যের ছেলেরাও বিজেপি শাসিত পশ্চিমবঙ্গে এসে একই ঘটনার সম্মুখীন হচ্ছেন। ওই যুবক কেরলের বাসিন্দা বলেই প্রাথমিকভাবে অনুমান পুলিশের। ঘটনা নিয়ে ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে সরব হয়েছেন কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল। এই ঘটনার জেরে কেরলে কাজ করা পশ্চিমবঙ্গের ছেলেদের উপর পাল্টা হামলার ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন শুভঙ্কর। এ ব্যাপারে কেরল সরকারের সঙ্গে কথা বলে বাংলার ছেলেদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন তিনি। আগে থেকে জানিয়ে আসা সত্ত্বেও এ দিন কুলতলি থানার আইসি উপস্থিত ছিলেন না। তা নিয়ে বিষ্ময় প্রকাশ করেন কংগ্রেস নেতৃত্ব। পাশাপাশি, কুলতলী থানার পুলিশ কেন এখনও মৃত যুবকের প্রকৃত নাম ঠিকানা খুঁজে করতে পারল না, সেই প্রশ্ন তোলেন তাঁরা।