গঙ্গাসাগরে ফের ‘দেবদূত’ এয়ার অ্যাম্বুলেন্স, উত্তরপ্রদেশের মুমূর্ষু পুণ্যার্থীকে নিয়ে যাওয়া হল কলকাতায়

Jan 13, 2026 - 19:15
 0
গঙ্গাসাগরে ফের ‘দেবদূত’ এয়ার অ্যাম্বুলেন্স, উত্তরপ্রদেশের মুমূর্ষু পুণ্যার্থীকে নিয়ে যাওয়া হল কলকাতায়

অমিত মন্ডল, গঙ্গাসাগর : গঙ্গাসাগর মেলায় আগত পুণ্যার্থীদের জীবন রক্ষায় আবারও কার্যকরী ভূমিকা নিল রাজ্য সরকারের এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা। সোমবারের পর মঙ্গলবারও এক সংকটজনক পুণ্যার্থীকে সাগরদ্বীপ থেকে আকাশপথে দ্রুত কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। প্রশাসনের এই তৎপরতায় নতুন জীবন পেলেন এক পুণ্যার্থী।
প্রশাসন সূত্রে জানা গেছে, অসুস্থ পুণ্যার্থীর নাম রমেশ চন্দ্র (৫২)। তিনি উত্তরপ্রদেশের নাগলা বেহেদ ডুকি এলাকার বাসিন্দা। পুণ্য স্নানের লক্ষ্যেই তিনি সাগর মেলায় এসেছিলেন। কিন্তু মেলা প্রাঙ্গণেই তিনি হঠাৎই তীব্র অসুস্থতা বোধ করেন। চিকিৎসকরা পরীক্ষা করে জানান, রমেশবাবু 'সিও পিডি হার্ড ফেলিওর'-এর শিকার হয়েছেন। তাঁর শ্বাসকষ্ট এবং হৃদযন্ত্রের অবস্থা এতটাই আশঙ্কাজনক ছিল যে, তাঁকে কলকাতার উন্নত হাসপাতালে পাঠানো জরুরি হয়ে পড়ে। রোগীর অবস্থা বিবেচনা করে জেলা প্রশাসন অবিলম্বে এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহারের সিদ্ধান্ত নেয়। বিশেষ মেডিকেল হেলিকপ্টারের মাধ্যমে রমেশবাবুকে দ্রুত সাগর থেকে কলকাতার বেহালা ফ্লাইং ক্লাবে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে 'গ্রিন করিডোর'-এ করে তাঁকে দক্ষিণ কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
                উল্লেখ্য, গতকালও একইভাবে দুই পুণ্যার্থীকে এয়ারলিফ্ট করা হয়েছিল। মেলা চত্বরে মোতায়েন থাকা চিকিৎসকদের মতে, এই এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা না থাকলে রমেশচন্দ্রের মতো রোগীদের প্রাণ বাঁচানো প্রায় অসম্ভব হয়ে পড়ত।
পুণ্যার্থীদের মতে, গঙ্গাসাগর মেলায় শুধুমাত্র ধর্মীয় বিশ্বাস নয়, রাজ্য সরকারের এই আধুনিক চিকিৎসা পরিষেবা তাঁদের কাছে আশার আলো। তাঁরা বাংলার প্রশাসনের এই পদক্ষেপে খুশি।