কুলতলীতে পঞ্চায়েত সদস্যের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ
রফিকুল ঢালী, কুলতলী : পঞ্চায়েত সদস্যের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম হন কুলতলী বিধানসভার চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস সদস্য অনন্ত সাপুই। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটিহারানিয়া বাজারে নিজের দোকানে যাওয়ার পথে অনন্ত সাপুইয়ের উপর হামলা চালানো হয়। অভিযোগ, কয়েকজন দুষ্কৃতী এলোপাথাড়ি ধারালো অস্ত্র দিয়ে কোপ মারতে থাকে। শরীরের একাধিক অংশে গভীর আঘাত লাগে তাঁর। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে জয়নগর-কুলতলী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাঁকে কলকাতায় স্থানান্তরিত করার পরামর্শ দেন। এরপরই উন্নত চিকিৎসার জন্য কলকাতায় পাঠানো হয়। কুলতলীর বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।