হিঙ্গলগঞ্জে তাপস মণ্ডলের গ্রেফতারের দাবিতে সরব এলাকাবাসী, নদী বাঁধ কাটার অভিযোগে গ্রেফতার শ্যালক
হিঙ্গলগঞ্জে তাপস মণ্ডলের গ্রেফতারের দাবিতে সরব এলাকাবাসী, নদী বাঁধ কাটার অভিযোগে গ্রেফতার শ্যালক
হিঙ্গলগঞ্জ: উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে তাপস মণ্ডল নামে এক ব্যক্তির বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে তাঁর গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন এলাকার বাসিন্দাদের একাংশ। ইতিমধ্যেই নদী বাঁধ কাটার অভিযোগে তাপস মণ্ডলের শ্যালক সুশান্ত মণ্ডলকে গ্রেফতার করেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্যান্ডেলের বিল পঞ্চায়েত এলাকার আমবেড়িয়া গ্রাম থেকে সুশান্ত মণ্ডলকে গ্রেফতার করা হয়। অভিযোগ, সেচ দফতরের অধীন নদী বাঁধ কাটার ঘটনায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে, তাপস মণ্ডলের বিরুদ্ধে এলাকাবাসীর একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে জমি দখল, আর্থিক অনিয়ম, সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে অর্থ আদায়-সহ একাধিক বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। অভিযোগকারীদের দাবি, এলাকার অসহায় ও প্রান্তিক মানুষের জমি জোরপূর্বক দখল করে তিনি বিপুল সম্পত্তির মালিক হয়েছেন।
স্থানীয়দের আরও অভিযোগ, ভোট-পরবর্তী সময়ে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে একাধিক লিখিত অভিযোগ হিঙ্গলগঞ্জ থানায় জমা পড়েছে। তবে এসব অভিযোগের সত্যতা নিয়ে এখনও প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
সম্প্রতি সুশান্ত মণ্ডলের গ্রেফতারের পর এলাকায় নতুন করে তাপস মণ্ডলের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ তাঁর সম্পত্তির উৎস এবং আর্থিক লেনদেনের তদন্তের দাবি তুলেছেন। পাশাপাশি, যাঁদের জমি বা সম্পত্তি বেআইনিভাবে দখল করা হয়েছে বলে অভিযোগ, তা ফেরত দেওয়ারও দাবি জানানো হয়েছে।
অন্যদিকে, সুশান্ত মণ্ডলের স্ত্রী সংবাদমাধ্যমের কাছে দাবি করেছেন, তাঁর স্বামীকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে এবং তিনি কোনও বেআইনি কাজের সঙ্গে জড়িত নন।
তাপস মণ্ডলের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির বিষয়ে তাঁর বা সংশ্লিষ্ট রাজনৈতিক দলের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গোটা ঘটনাকে কেন্দ্র করে হিঙ্গলগঞ্জ এলাকায় রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।