হালিশহরে পরিত্যক্ত এলাকা থেকে উদ্ধার বোমা, তদন্তে নেমেছে পুলিশ

Apr 9, 2026 - 08:27
 5
হালিশহরে পরিত্যক্ত এলাকা থেকে উদ্ধার বোমা, তদন্তে নেমেছে পুলিশ

হালিশহর: উত্তর ২৪ পরগনার হালিশহর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের ডোমপট্টি এলাকায় পরিত্যক্ত একটি জায়গা থেকে একাধিক বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় হালিশহর থানার পুলিশ। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ডাকা হয় বোম স্কোয়াডকেও। তারা সতর্কতার সঙ্গে বোমা উদ্ধার ও নিষ্ক্রিয় করার কাজ শুরু করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় ১০ থেকে ১২টি বোমা ওই এলাকা থেকে উদ্ধার হয়েছে। কে বা কারা এবং কী উদ্দেশ্যে এই বোমাগুলি সেখানে মজুত করে রেখেছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। গোটা এলাকা ঘিরে রেখে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানা গিয়েছে।