সুন্দরবন রক্ষায় মৌসুনিতে অভিনব ‘সবুজ হোলি

Mar 4, 2026 - 09:45
 39
সুন্দরবন রক্ষায় মৌসুনিতে অভিনব ‘সবুজ হোলি

অমিত মণ্ডল, মৌসুনি:হোলির রঙে রঙিন সবাই, কিন্তু নামখানার মৌসুনি দ্বীপে দেখা গেল এক ভিন্ন ছবি। মানুষের গালে আবির মাখানোর বদলে সুন্দরবনের রক্ষাকবচ ম্যানগ্রোভের গায়ে রং মাখিয়ে সচেতনতার বার্তা দিল পড়ুয়ারা। মৌসুনি কো-অপারেটিভ হাই স্কুলের ছাত্রছাত্রীদের এই অভিনব উদ্যোগ নজর কেড়েছে এলাকাবাসীর। মূলত নদীবাঁধ রক্ষা এবং অসাধু উপায়ে গাছ কাটা বন্ধ করতেই তাদের এই ‘সবুজ হোলি’র আয়োজন।

সোমবার চিনাই নদীর চরে সারি সারি ম্যানগ্রোভ গাছের গায়ে আবির ও ভেষজ রং মাখিয়ে দেয় স্কুলের ছাত্রছাত্রীরা। তাদের কথায়, “ম্যানগ্রোভ আমাদের প্রাকৃতিক ঢাল। অথচ একদল অসাধু ব্যক্তি জ্বালানি বা ভেড়ি তৈরির জন্য নির্বিচারে এই গাছ কেটে ফেলছে। আমরা মানুষকে বোঝাতে চাই, এই গাছগুলো আমাদের সন্তানের মতো। এদের বাঁচানো আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই।”

ছাত্রছাত্রীরা উদ্বেগের সঙ্গে জানায়, ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের সময় এই ম্যানগ্রোভই সুন্দরবনকে বুক দিয়ে রক্ষা করে। কিন্তু চোরাগোপ্তা গাছ কাটার ফলে উপকূলীয় এলাকার প্রাকৃতিক সুরক্ষা বলয় দুর্বল হয়ে পড়ছে। এর ফলে আগামী দিনে সমুদ্রের জল গ্রামে ঢুকে পড়ার আশঙ্কা বাড়ছে। 

এই কর্মসূচির মাধ্যমে পড়ুয়ারা স্পষ্ট বার্তা দিয়েছে ম্যানগ্রোভ ধ্বংস নয়, বরং আরও বেশি করে গাছ লাগাতে হবে। ম্যানগ্রোভ বাঁচলেই বাঁচবে সুন্দরবন, আর তবেই সুরক্ষিত থাকবে উপকূলের মানুষজন। কচিকাঁচাদের এই পরিবেশ সচেতনতা দেখে মুগ্ধ দ্বীপের সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবেশপ্রেমীরাও।