সীমান্তে কাঁটাতারের বেড়া ঘিরে কাটল জমি জট, ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের সিদ্ধান্তে খুশি মালদার কৃষকরা
মালদা :
রাজ্যে বিজেপি সরকার গঠনের পর এবার ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘদিনের জমি জট কাটার ইঙ্গিত মিলল। ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের সিদ্ধান্তকে ঘিরে খুশির হাওয়া বইছে মালদা জেলার সীমান্তবর্তী এলাকাগুলিতে।
মালদা জেলার হবিবপুর বিধানসভার ধুমপুর গ্রাম পঞ্চায়েতের জোত কুবের এলাকার কৃষকদের একাংশ জানিয়েছেন, দেশের সুরক্ষার স্বার্থে তারা জমি দিতে প্রস্তুত। তাদের অভিযোগ, আগের তৃণমূল সরকার বহুবার জমি অধিগ্রহণের আশ্বাস দিলেও বিষয়টি নিয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। কিছু কৃষক ক্ষতিপূরণের টাকা পেলেও অনেকেই এখনও বঞ্চিত রয়েছেন বলে দাবি।
স্থানীয় কৃষকদের বক্তব্য, সীমান্তে কাঁটাতারের বেড়া না থাকায় দীর্ঘদিন ধরেই বাংলাদেশি দুষ্কৃতীদের দৌরাত্ম্যের শিকার হতে হয়েছে। চাষের ফসল, পাম্প মেশিন সহ বিভিন্ন কৃষি সরঞ্জাম চুরি হয়ে যেত বলে অভিযোগ।
কৃষকদের আশা, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ হলে একদিকে যেমন চুরি ও অনুপ্রবেশের সমস্যা কমবে, অন্যদিকে সীমান্ত এলাকার সাধারণ মানুষও নিরাপত্তা পাবেন।
এই বিষয়ে কৃষক সুরেশ চৌধুরী, শিবনারায়ণ চৌধুরী ও কমল বাস্কে জমি দিতে প্রস্তুতির কথা জানিয়েছেন। অন্যদিকে তৃণমূল নেতা বিশ্বজিৎ ঘোষ এবং হবিবপুরের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মুও বিষয়টি নিয়ে নিজেদের বক্তব্য রেখেছেন।
সীমান্ত সুরক্ষা ও কৃষকদের স্বার্থ-দুই দিক সামলে দ্রুত কাজ এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।