রাসায়নিক ভরা ড্রামে বিস্ফোরণ, ক্যানিংয়ে দগ্ধ চার নাবালক
দক্ষিণ ২৪ পরগনা: রাস্তার ধারে খেলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার চার নাবালক। রাসায়নিক ভরা একটি ড্রামে আচমকা বিস্ফোরণের জেরে আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত হয় তারা। ঘটনাটি ঘটেছে ক্যানিং এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটকপুকুর থেকে মধ্য খড়গাছি পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার পিচ রাস্তার মেরামতির কাজ চলছিল। কয়েক দিন আগেই শুরু হয়েছে রাস্তা সংস্কার। মঙ্গলবার ওই রাস্তায় প্রায় ২০০ লিটার লাইট ডিজেল অয়েল (এলডিও) বোঝাই একটি ড্রাম পড়ে ছিল বলে অভিযোগ।
ড্রামের পাশেই খেলছিল ৮ থেকে ১০ বছর বয়সী চার পড়ুয়া। হঠাৎই বিকট শব্দে ফেটে যায় ড্রামটি। বিস্ফোরণের তীব্রতায় একজন শিশু মারাত্মকভাবে ঝলসে যায়। বাকি তিনজনও কমবেশি দগ্ধ ও আহত হয়। অসহ্য দহনযন্ত্রণা সহ্য করতে না পেরে এক নাবালক পাশের পুকুরে ঝাঁপ দেয়।
আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তিনজনকে কলকাতার এম আর বাঙুর হাসপাতাল-এ স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কীভাবে রাসায়নিক ভরা ড্রামটি খোলা অবস্থায় পড়ে ছিল এবং নিরাপত্তা বিধি মানা হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে