রাতের অন্ধকারে ভাঙড়ে তাজা বোমা উদ্ধার, চাঞ্চল্য এলাকায়
দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে ফের বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ভাঙড় ২ নম্বর ব্লকের ছেলে গোয়ালিয়া তেতুলতলা এলাকা থেকে সাতটি তাজা বোমা উদ্ধার করেছে উত্তর কাশিপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে বোমাগুলি উদ্ধার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। আইএসএফের অভিযোগ, তৃণমূল এলাকায় বোমা মজুত করছিল ভোটে ব্যবহার এবং বিরোধীদের দমাতে। পাল্টা তৃণমূলের দাবি, আইএসএফ-ই তৃণমূল কর্মীদের আক্রমণের উদ্দেশ্যে বোমা মজুত করেছিল।
তবে এখনও পর্যন্ত কে বা কারা ওই এলাকায় বোমা মজুত করেছিল, তা স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে উত্তর কাশিপুর থানার পুলিশ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় রাতভর তল্লাশি চালাচ্ছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ঘটনার জেরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।