ভোটের কোপে পর্যটন! সোমবার থেকে 'শাটডাউন' বকখালির সব হোটেল; বহিরাগতদের প্রবেশ রুখতে কমিশনের কড়া দাওয়াই

Apr 30, 2026 - 14:22
 0
ভোটের কোপে পর্যটন! সোমবার থেকে 'শাটডাউন' বকখালির সব হোটেল; বহিরাগতদের প্রবেশ রুখতে কমিশনের কড়া দাওয়াই

অমিত মণ্ডল, বকখালি:

২৯ এপ্রিল সাগর বিধানসভা কেন্দ্রের হাই-ভোল্টেজ নির্বাচন। আর সেই নির্বাচনকে কেন্দ্র করেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে উপকূলীয় পর্যটন কেন্দ্র বকখালিকে। সোমবার বিকেল ৫টায় প্রচারের মাইক স্তব্ধ হওয়ার সাথে সাথেই প্রশাসনের নির্দেশে বকখালির সমস্ত ছোট-বড় হোটেল ও লজ বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার রাত থেকেই বকখালি পর্যটন কেন্দ্র কার্যত জনমানবহীন হয়ে পড়েছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে কোনো নির্বাচনী এলাকায় বহিরাগতরা (যারা ওই এলাকার ভোটার নন) থাকতে পারেন না। বকখালি সাগরের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এখানে পর্যটকদের আড়ালে রাজনৈতিক দলগুলো বহিরাগতদের এনে জড়ো না করতে পারে সেই সম্ভাবনা রুখতেই প্রশাসনের এই 'শাটডাউন' নির্দেশ। প্রশাসনের নির্দেশে সোমবার বিকেল থেকেই চেক-আউট করে পর্যটকদের বকখালি ছাড়তে বলা হয়েছে। নতুন করে কোনো বুকিং নেওয়া হচ্ছে না। হোটেল মালিকদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ভোটের দিন পর্যন্ত কোনো বহিরাগত বা পর্যটক হোটেলে থাকতে পারবে না। আগামী ২৯ তারিখ ভোেট পর্ব মেটার পর, অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকে ফের পর্যটকদের জন্য হোটেলের দরজা খুলে দেওয়া হবে।

সোমবার বিকেল থেকেই ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ বকখালির অলিগলিতে টহল দিচ্ছে।

হোটেলগুলোতে গিয়ে গিয়ে রেজিস্টার চেক করা হচ্ছে। যদি কোনো হোটেলে প্রশাসনের নিয়ম লঙ্ঘন করে কাউকে রাখা হয়, তবে তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।