ভোটের আগে বনগাঁ স্টেশনে নগদ উদ্ধার, গ্রেফতার ১

Apr 10, 2026 - 08:49
 6
ভোটের আগে বনগাঁ স্টেশনে নগদ উদ্ধার, গ্রেফতার ১

বনগাঁ: আসন্ন নির্বাচনের আগে নাকা তল্লাশি জোরদার করতেই বড়সড় সাফল্য পেল পুলিশ। বুধবার রাতে বনগাঁ স্টেশন থেকে সন্দেহজনকভাবে এক ব্যক্তিকে আটক করে তাঁর কাছ থেকে উদ্ধার হল লক্ষাধিক টাকা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম শিশির কুমার দাস, বাড়ি বামনগাছি এলাকায়। তাঁর কাছ থেকে মোট ২ লক্ষ ৩২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

এদিন রাতে স্টেশন চত্বরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে বনগাঁ জিআরপি থানার পুলিশ তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। তল্লাশিতে ওই বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাঁকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ভোটের কাজে ব্যবহারের উদ্দেশ্যেই এই টাকা আনা হচ্ছিল। ধৃতকে বৃহস্পতিবার সকালে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে।

ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং নির্বাচন ঘিরে নজরদারি আরও কড়া করা হয়েছে।