ভোট দিয়ে ফেরার পথে মৃত্যু কেশপুরে, শোকের ছায়া ভোটার পরিবারের

Apr 24, 2026 - 15:29
 4
ভোট দিয়ে ফেরার পথে মৃত্যু কেশপুরে, শোকের ছায়া ভোটার পরিবারের

পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকে ভোট দিয়ে বাড়ি ফেরার পথেই মৃত্যু হল এক মহিলা ভোটারের। ঘটনাটি ঘটেছে ১২ নম্বর সরিষাখোলা গ্রাম পঞ্চায়েতের ২২৫ দীঘা বুথ এলাকায়।

মৃতার নাম ইসরাতন বিবি (৫৬)। তাঁর স্বামী লবাব জান আলীর দাবি, তাঁদের পরিবারের চারজনের নাম ভোটার তালিকায় না থাকলেও শুধুমাত্র তাঁর স্ত্রীর নাম ছিল। এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিলেন তিনি।

পরিবার সূত্রে জানা যায়, সকালে স্বামী-স্ত্রী একসঙ্গে ভোট দিতে যান। ভোট দিয়ে বাড়ি ফেরার পথেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ইসরাতন বিবি এবং সেখানেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর মৃতার বাড়িতে যান এলাকার তৃণমূল কংগ্রেস প্রার্থী শিউলি সাহা। তিনি অভিযোগ করেন, ভোটার তালিকা থেকে পরিবারের একাধিক সদস্যের নাম বাদ পড়ায় ওই মহিলা দীর্ঘদিন মানসিক উদ্বেগে ভুগছিলেন। এই ঘটনাকে তিনি অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেন।

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।