বীরভূমের শান্তিনিকেতনের আদিত্যপুরে জমি-বিবাদের জেরে পুকুরে বিষ, লক্ষাধিক টাকার মাছ নষ্টের অভিযোগ
বীরভূম জেলার শান্তিনিকেতনের কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আদিত্যপুর গ্রামে জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে পুকুরে বিষ ঢেলে মাছ মেরে ফেলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেসের গ্রাম সভাপতি নবকুমার লোহার অভিযোগ, স্থানীয় বিজেপি কর্মীরাই পরিকল্পিতভাবে তাঁর পুকুরে বিষ ঢেলে লক্ষাধিক টাকার মাছ নষ্ট করে দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগে একটি জমি নিয়ে নবকুমার লোহার সঙ্গে এলাকার কয়েকজন বিজেপি সমর্থকের বচসা হয়। সেই ঘটনার পর থেকেই তাঁকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। নবকুমারের দাবি, বৃহস্পতিবার সকালে পুকুরে গিয়ে তিনি দেখেন একের পর এক মাছ ভেসে উঠছে। সেই দৃশ্য দেখে তিনি প্রথমে হতবাক হয়ে যান।
নবকুমার লোহার জানান, তাঁর পুকুরে রুই, কাতলা, মৃগেল, গ্রাসকার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয়েছিল। অনেক মাছের ওজন ছিল দুই থেকে চার কিলোগ্রাম পর্যন্ত। সব মিলিয়ে প্রায় ১০ কুইন্টাল মাছ পুকুরে ছিল বলে তিনি দাবি করেন। আচমকাই এত মাছ মারা যাওয়ায় তাঁর লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।
ঘটনার কারণ জানতে পুকুর থেকে দুটি মৃত মাছ তুলে পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়। নবকুমারের দাবি, পরীক্ষার রিপোর্টে বিষক্রিয়ার প্রমাণ মিলেছে। তাঁর অভিযোগ, জমি নিয়ে বিবাদের জেরেই রাতের অন্ধকারে পুকুরে বিষ ঢেলে দেওয়া হয়। এতে শুধু মাছই নয়, পুকুরের অন্যান্য জলজ প্রাণীরও মৃত্যু হয়েছে এবং পুকুরের স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
কিছু মাছ বাঁচানোর জন্য পুকুরে পাম্প বসিয়ে অক্সিজেন সরবরাহের ব্যবস্থাও করা হয়েছে বলে জানিয়েছেন নবকুমার। তবে ইতিমধ্যেই ব্যাপক ক্ষতি হয়ে গেছে বলে তাঁর দাবি।
অন্যদিকে শান্তিনিকেতন থানা সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ দায়ের হলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি। বোলপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, এই অভিযোগের কোনও ভিত্তি নেই। তৃণমূলের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব ঢাকতে বিজেপির নামে দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছে। তবে তৃণমূল নেতৃত্বের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত হলে প্রকৃত দোষীদের শাস্তি হবেই।