বিশ্বকাপের ফরম্যাট নিয়ে আইসিসি-কে তোপ দাগল দুই দেশ
ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে এখনও ১৮ মাস বাকি। তার আগে আইসিসি-কে তোপ দাগল দু’টি দেশ। তাদের দাবি, আচমকা যোগ্যতা অর্জন পর্বের নিয়ম বদলে দিয়ে তাদের বিপদে ফেলেছে আইসিসি।আইসিসি-র সিদ্ধান্তের প্রতিবাদ করেছে স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডস। দুই দেশই জানিয়েছে, প্রতিযোগিতার ১৮ মাস আগে যে গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে তাতে তারা ‘খুবই হতাশ’। সহযোগী সদস্যদেশগুলি যে উন্নতি করেছে, এই ফরম্যাটের সাহায্যে সেটিকে ছোট করে দেখা হচ্ছে। উঠতি দেশগুলির কাছে সুযোগও কমে গিয়েছে।সম্প্রতি আইসিসি জানিয়েছে, ক্রিকেট বিশ্বকাপে ১৪টি দেশ খেলবে। এর মধ্যে র্যাঙ্কিংয়ের নিরিখে ১২, ১৩ এবং ১৪তম স্থানে থাকা তিনটি দেশ একে অপরের মধ্যে খেলবে। রাউন্ড রবিন ফরম্যাটের মাধ্যমে সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দল যোগ্যতা অর্জন করবে ‘সুপার ১২’-এ। সেই বিভাগে বিশ্বের বড় দেশগুলি খেলবে। অর্থাৎ যোগ্যতা অর্জন পর্বে জিততে পারলে তবেই বড় দেশগুলির সঙ্গে খেলার সুযোগ পাবে ছোট একটি দেশ।স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডস যৌথ বিবৃতিতে জানিয়েছে, সাম্প্রতিক কালে ক্রিকেটের প্রচারে সহযোগী সদস্যদেশগুলি যে উন্নতি করেছে, তাকে ছোট করে দেখা হয়েছে। সহযোগী সদস্যদেশগুলির কাছে এই সিদ্ধান্ত বড় ধাক্কা। যে সময়ে ক্রিকেটের প্রচার বাড়ানো হচ্ছে, নতুন দর্শক টানার চেষ্টা হচ্ছে এবং আন্তর্জাতিক খেলাধুলোয় তার জায়গা শক্তিশালী করার চেষ্টা চলছে, তখন উঠতি দেশগুলির কাছে সুযোগ কমিয়ে দেওয়া ভুল বার্তা দিচ্ছে গোটা বিশ্বকে।