বারুইপুরে অটোতে মর্জিমতো ভাড়া নেওয়ার অভিযোগে ক্ষোভ যাত্রীদের
প্রদীপ কুমার সিংহ, বারুইপুর : দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে অটোচালকদের বিরুদ্ধে মর্জিমতো ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। যাত্রীদের দাবি, বারুইপুর স্টেশন ও রেলগেট সংলগ্ন এলাকায় অটোতে উঠলেই ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত ভাড়া নেওয়া হচ্ছে, যেখানে আগে ভাড়া ছিল মাত্র ১০ টাকা। মাত্র ৪০০ থেকে ৫০০ মিটার পথ যেতেই বাড়তি ভাড়া দিতে হচ্ছে বলে অভিযোগ।
এই নিয়ে যাত্রীদের সঙ্গে অটোচালকদের বচসাও বাড়ছে। ক্ষুব্ধ যাত্রীদের দাবি, কোনো অটো ইউনিয়নের তরফে ভাড়া বৃদ্ধির ঘোষণা না থাকা সত্ত্বেও কেন এভাবে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। রেলগেট থেকে বারুইপুর মহকুমা হাসপাতালে যাতায়াতের ক্ষেত্রেও আগের তুলনায় বেশি ভাড়া দিতে হচ্ছে বলে অভিযোগ।
অটোচালকদের দাবি, গ্যাসের দাম বেড়ে যাওয়ায় বাধ্য হয়েই ভাড়া বাড়াতে হয়েছে। আগে যেখানে গ্যাসের দাম ছিল প্রায় ৫৫ টাকা লিটার, এখন তা ৬৫ টাকা ছাড়িয়েছে। কিছু জায়গায় আরও বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে বলেও দাবি তাঁদের।
এদিকে বারুইপুর ৪ নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন অটো ইউনিয়নের নেতা আবু সুফিয়ান ঘরামী জানান, তাঁদের ইউনিয়নের কোনো অটো বর্ধিত ভাড়া নিচ্ছে না। বাইরের কিছু অটোচালক এসে এইভাবে বেশি ভাড়া নিচ্ছে বলে দাবি করেন তিনি।
অন্যদিকে বারুইপুর পুলিশ জেলার এক আধিকারিক জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে এবং অটো ইউনিয়নের সঙ্গে কথা বলা হবে।