প্রকাশ্য সভামঞ্চে বিস্ফোরক প্রাক্তন তৃণমূল বিধায়ক কাজী আব্দুর রহিম, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তোপ
উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় প্রকাশ্য সভামঞ্চ থেকে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক কাজী আব্দুর রহিম। তৃণমূল কংগ্রেস ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করে একের পর এক গুরুতর অভিযোগ তোলেন তিনি।
সভামঞ্চ থেকে কাজী আব্দুর রহিম বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায় তোলাবাজ, তার ঔদ্ধত্য যেন লাটসাহেবের মতো। বাকি সবাই যেন চাকর-বাকর। তৃণমূলের সম্পূর্ণভাবে বিসর্জন হয়ে গেছে। এই দল আর কোনোদিন ফিরবে না। তৃণমূলের নাম-নিশানা কিছুই থাকবে না।"
তিনি আরও অভিযোগ করেন, "জালিয়াতি, প্রতারণা ও তোলাবাজির উপর ভিত্তি করেই দল চলছিল। মমতা বন্দ্যোপাধ্যায় মাথা ফাটিয়ে যে দল তৈরি করেছিলেন, সেই দল তার ভাইপো ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিয়েছে।"
প্রাক্তন বিধায়কের দাবি, বর্তমান তৃণমূলের বহু বিধায়ক ও সাংসদও নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষুব্ধ। তাঁর কথায়, “অভিষেক টাকা ছাড়া কিছু বোঝে না। যারা টাকা দিতে পেরেছে তারাই নেতা হয়েছে। অভিষেকের এত সম্পত্তি কোথা থেকে এলো? বাংলার মানুষের মুখের রক্ত চুষে পাহাড়প্রমাণ অর্থ করেছে, এর বিচার হবেই।"
কাজী আব্দুর রহিম আরও বলেন, তিনি যখন তৃণমূলের বিধায়ক ছিলেন, তখন থেকেই পঞ্চায়েত ভোটে ছাপ্পা, তোলাবাজি, টিকিট বিক্রি ও মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার ঘটনা প্রত্যক্ষ করেছেন। তাঁর দাবি, "পঞ্চায়েত ভোটে টিকিটের জন্য আমি টাকা দিতে পারিনি বলেই আমার বুথের টিকিট পর্যন্ত দেওয়া হয়নি।"
সভামঞ্চ থেকে তিনি আরও বলেন, "আজ সবাই ঘরে ঢুকে গেছে, কেউ মুখ খুলছে না। কিন্তু মানুষ সব বুঝে গেছে। অভিষেকের নেতৃত্বে এই দল আর টিকবে না, বাংলা থেকে তৃণমূল মুছে যাবে।"
এদিকে কাজী আব্দুর রহিমের এই মন্তব্যকে সমর্থন করেছে রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টি। রাজনৈতিক মহলে তাঁর এই বিস্ফোরক মন্তব্য ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা।