‘পণ্যবাহী জাহাজে হামলা বন্ধ করতেই হবে’, কড়া বার্তা দিল্লির

Aug 6, 2026 - 14:25
 13
‘পণ্যবাহী জাহাজে হামলা বন্ধ করতেই হবে’, কড়া বার্তা দিল্লির

লোহিত সাগরে ভারতীয় জাহাজে হামলার ঘটনার নিন্দা করল নয়াদিল্লি। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার ইয়েমেন উপকূলে পণ্যবাহী ওই জাহাজের উপর হামলা উদ্বেগজনক।পশ্চিম এশিয়ার ওই অঞ্চলে বারবার ঘটে চলা এ ধরনের ঘটনা অবশ্যই বন্ধ হওয়া উচিত।বিদেশ মন্ত্রক বিবৃতি দিয়ে হামলার বিষয়টি জানিয়েছে। নয়াদিল্লির মতে, ‘‘ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করা অবশ্যই বন্ধ করতে হবে। যত দ্রুত সম্ভব নিশ্চিত করতে হবে যাতে আন্তর্জাতিক আইন মেনে ওই অঞ্চলের আন্তর্জাতিক জলপথ দিয়ে অবাধে এবং নির্বিঘ্নে জাহাজ চলাচল করতে পারে।’’ ভারতের বিদেশ মন্ত্রক মনে করে, বাণিজ্য সচল রাখা প্রয়োজন।লোহিত সাগর দিয়ে যাওয়ার সময় এমএসভি ফৈজ়ে নুরে ওলিয়া নামে ভারতীয় পণ্যবাহী জাহাজটিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়। হামলার কারণে জাহাজটি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ডুবতে শুরু করে। ওই জাহাজে ১৪ জন নাবিক ছিলেন। তাঁদের মধ্যে ১৩ জনই ভারতীয়। জাহাজ আক্রান্ত হওয়ার ফলে নাবিকেরাও জলে পড়ে যান। বিষয়টি নজরে আসতেই উদ্ধারকাজ শুরু করে ইয়েমেন উপকূলরক্ষী বাহিনী। সকল নাবিককে নিরাপদে উদ্ধার সম্ভব হয়েছে।আমেরিকা-ইরানের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকেই পশ্চিম এশিয়া জুড়ে থাকা আন্তর্জাতিক জলসীমা বিপদসঙ্কুল হয়ে পড়ে। বিশেষত হরমুজ় প্রণালী নিয়ে সঙ্কট দেখা দেয়। ইরান প্রথম থেকেই দাবি করে, হরমুজ়ের উপর তাদের ‘অধিকার’। তাই ওই প্রণালী দিয়ে কোনও জাহাজ গেলে তাদের গুনতে হবে ‘টোল ফি’। সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী, এখনও হরমুজ়ে নিজেদের ‘দখল’ কায়েম রেখেছে তেহরান। ইরানের দাবি, তাদের অনুমতি ছাড়া হরমুজ় প্রণালী পার করতে পারবে না কোনও জাহাজ। হরমুজ়ের ‘দখল’ নিয়ে তারা ওমানের সঙ্গে কথা বলছে বলেও জানায়। শুধু হরমুজ় নয়, লোহিত সাগর, কৃষ্ণসাগরে আক্রান্ত হচ্ছে পণ্যবাহী জাহাজ।ওই অঞ্চলে সৌদি আরবের বন্দরে নোঙর করা জাহাজগুলিকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। সৌদি আরবের সঙ্গে দীর্ঘদিনের সংঘাতের কারণে ওই গোষ্ঠী প্রায়ই লোহিত সাগরের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ছে। পাল্টা জবাব দেয় সৌদিও। মঙ্গলবারের হামলার নেপথ্যে কারা, তা এখনও স্পষ্ট নয়।