ধস আর হড়পা বানে বিপর্যস্ত হিমাচল! আড়াই মাসে মৃত ১৫৭, নিখোঁজ ২৫৭

Aug 12, 2026 - 14:46
 12
ধস আর হড়পা বানে বিপর্যস্ত হিমাচল! আড়াই মাসে মৃত ১৫৭, নিখোঁজ ২৫৭

ধস আর হড়পা বানে বিপর্যস্ত হিমাচল।গত আড়াই মাসে ১৫৭ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ২৫৭ জন। রাজ্য জুড়ে বন্ধ ২৬০টি রাস্তা।স্টেট ইমারজেন্সি অপারেশনস সেন্টার (এসইওসি)-র রিপোর্ট বলছে, ৩০ জুন থেকে ৯ অগস্ট পর্যন্ত ধস এবং হড়পা বানে মৃত্যু হয়েছে ৬৮ জনের। সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৮৯ জনের। রাজ্যের পাঁচ জেলায় আরও ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।রাজ্যের বিভিন্ন প্রান্তে বিদ্যুৎবিভ্রাটও একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়ছে কুলু এবং মন্ডী জেলা। এক সপ্তাহের মধ্যে ১৬১টি ট্রান্সফর্মার বিকল হয়ে গিয়েছে। তার মধ্যে মন্ডীতে ৭৭টি, শিমলায় ৪৩ এবং কুলুতে ৪০টি। লাগাতার বৃষ্টির কারণে কুলুতে নদীগুলি ফুঁসছে। কোথাও কোথাও বিপদসীমার উপর দিয়ে বইছে। মন্ডীর ছবিটাও একই রকম।মন্ডী-কুলু হাইওয়ে-সহ রাজ্যের ২৫৯টি রাস্তা এখন বন্ধ। সবচেয়ে বেশি রাস্তা বন্ধ মন্ডীতে। সেখানে ১২০টি রাস্তা ধসের জেরে বন্ধ হয়ে গিয়েছে। তার পর চম্বায় ৪২টি, কুলুতে ৪০টি এবং শিমলায় ৩০টি রাস্তা বন্ধ। প্রশাসন সূত্রে খবর, রাস্তাগুলি দ্রুত পরিষ্কার করে চালু করার তাজ চলছে। কিন্তু বৃষ্টির কারণে নতুন নতুন করে ধস নামায় পরিস্থিতি ঘোরালো হয়ে উঠছে। শিমলার আবহাওয়া দফতর জানিয়েছে, কাংড়া, মন্ডী, হামিরপুর, শিমলা এবং সিরমৌরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। চম্বা, কুলু, সোলান এবং বিলাসপুরেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।