দার্জিলিংয়ের শিলিগুড়ি সংলগ্ন বাসবাড়ি বাড়িভাষায় মোবাইল টাওয়ার বসানোকে ঘিরে উত্তেজনা, ক্ষোভে বাসিন্দারা
দার্জিলিং জেলার শিলিগুড়ি সংলগ্ন বাসবাড়ি বাড়িভাষা এলাকায় মোবাইল টাওয়ার বসানোর উদ্যোগকে ঘিরে উত্তেজনা ছড়াল। টাওয়ার বসানোর কাজ শুরু হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, এলাকাবাসীর অনুমতি ছাড়াই বারবার টাওয়ার বসানোর চেষ্টা করা হচ্ছে।
বাসিন্দাদের দাবি, প্রায় ছয় মাস আগেও একইভাবে ওই এলাকায় টাওয়ার বসানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। সেসময় এলাকাবাসীর তীব্র আপত্তির মুখে সেই কাজ বন্ধ হয়ে যায়। কিন্তু কিছুদিন পর আবারও নতুন করে টাওয়ার বসানোর কাজ শুরু হয়েছে বলে অভিযোগ তুলেছেন তাঁরা।
স্থানীয়দের আশঙ্কা, ঘনবসতিপূর্ণ এলাকায় মোবাইল টাওয়ার বসানো হলে পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব পড়তে পারে। এলাকায় বহু পরিবার বসবাস করে এবং অনেকেই বাড়ির আশপাশে হাঁস-মুরগি পালন করেন। তাই টাওয়ার বসানোর বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছেন বাসিন্দারা।
এই বিষয়ে পঞ্চায়েতের প্রতিনিধিকে জানানো হলেও তিনি বর্তমানে কলকাতায় থাকায় সরাসরি কথা বলা সম্ভব হয়নি বলে জানা গিয়েছে। বাসিন্দাদের অভিযোগ, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই কাজ শুরু করার চেষ্টা করা হচ্ছে। তাঁরা জানিয়েছেন, কোনও অশান্তি চান না, তবে এলাকায় টাওয়ার বসানোর কাজ অবিলম্বে বন্ধ করা এবং ভবিষ্যতে যেন এমন উদ্যোগ না নেওয়া হয় সে বিষয়ে প্রশাসনের কাছ থেকে লিখিত আশ্বাস চান তাঁরা।