জাতীয় সড়কে আইটিবিপি আধিকারিকদের গাড়ির দুর্ঘটনা, আহত একাধিক

Apr 14, 2026 - 15:57
 9
জাতীয় সড়কে আইটিবিপি আধিকারিকদের গাড়ির দুর্ঘটনা, আহত একাধিক

গুরাপ :

গুরাপ থানার অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কে আইটিবিপি বাহিনীর গাড়ির সঙ্গে দুর্ঘটনায় আহত হলেন একাধিক আধিকারিক ও কর্মী। সোমবার ভোররাতে এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি রেলস্টেশনে রাজস্থান থেকে ট্রেনে এসে পৌঁছায় সি/৪২ আইটিবিপি বাহিনী। সেখান থেকে সড়কপথে বীরভূম জেলার মারগ্রাম থানার উদ্দেশ্যে রওনা দেয় তারা। কনভয়ে ছিল একটি সাদা রঙের স্করপিও, দুটি বাস এবং একটি ছোট মেস গাড়ি।

১৩ এপ্রিল ভোের প্রায় ৩টা ৩৫ মিনিট নাগাদ, গুরাপ থানার মিশ্রা পাম্প সংলগ্ন এলাকায় বর্ধমানমুখী জাতীয় সড়কে চলার সময় স্করপিও গাড়িটি একটি চলন্ত ট্রাকের পেছনে ধাক্কা মারে। এর কিছুক্ষণ পর পিছন থেকে আসা একটি টাটা পাঞ্চ গাড়ি স্করপিওটিকে ধাক্কা দেয়, ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

এই দুর্ঘটনায় আহত হন সহকারী

কমান্ড্যান্ট রঘুনাথ সিং ভাটি, মেডিক্যাল অফিসার জিতন, নিরাপত্তা কনস্টেবল ওমপ্রকাশ যাদব এবং চালক রমেশ মাল। সহকারী কমান্ড্যান্টের ডান পায়ে চোট লাগে, বাকিরা সামান্য আহত হন। এছাড়া টাটা পাঞ্চ গাড়ির চালক জুল হাসান খান ও ইনসান আলিও সামান্য আহত হন।

দুর্ঘটনার পর দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। গুরাপ থানার উপ-পরিদর্শক নাজিম হোসেন খান গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে বর্ধমানের শক্তিগড় থানার অন্তর্গত শরন্যা বহুমুখী হাসপাতালে পাঠান। বর্তমানে সকলেই চিকিৎসাধীন এবং সহকারী কমান্ড্যান্ট বিপদমুক্ত বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

দুর্ঘটনাগ্রস্ত স্করপিও ও টাটা পাঞ্চ গাড়ি গুরাপ থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে যে ট্রাকটির সঙ্গে প্রথমে ধাক্কা লাগে, সেটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মিশ্রা সার্ভিস স্টেশনে সিসিটিভি ক্যামেরা থাকলেও দুর্ঘটনার সময় দৃশ্য আড়াল হয়ে যাওয়ায় কোনও ফুটেজ পাওয়া যায়নি।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।