জলপাইগুড়িতে বন্ধ ট্রাফিক বুথ থেকে দেহ উদ্ধার, চাঞ্চল্য ধূপগুড়িতে
জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা: ধূপগুড়ি শহরে একটি পরিত্যক্ত ট্রাফিক বুথের ভিতর থেকে এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। শুক্রবার সকালে ধূপগুড়ি শহরের কুমলাই সেতু সংলগ্ন ওই ট্রাফিক বুথের ভিতর থেকে দেহটি উদ্ধার হয়।
জানা গিয়েছে, ট্রাফিক পুলিশের ওই বুথটি তৈরি হওয়ার পর থেকেই দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। এদিন সকালে স্থানীয় বাসিন্দারা বুথের ভিতরে একটি দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি ট্রাফিক ওসি সহ পুলিশ বাহিনী। স্থানীয়দের দাবি, মৃত ব্যক্তি একজন ভবঘুরে এবং তাঁকে মাঝেমধ্যেই ওই এলাকার আশপাশে ঘোরাফেরা করতে দেখা যেত। তবে তিনি ঠিক কবে থেকে ওই বুথের ভিতরে ছিলেন, তা কেউ নিশ্চিত করে বলতে পারেননি।
একটি বন্ধ ট্রাফিক বুথের ভিতরে কীভাবে ওই ব্যক্তির দেহ এল, তা নিয়ে এলাকায় প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ এবং তাঁর পরিবারের খোঁজও করা হচ্ছে।