চুঁচুড়ায় জিটি রোডে মর্মান্তিক দুর্ঘটনা
মেয়েকে স্কুলে পৌঁছে দিতে গিয়ে ডাম্পারের তলায় চাপা বাবা, আশঙ্কাজনক অবস্থা
হুগলির চুঁচুড়ায় সাত সকালে ভয়াবহ পথদুর্ঘটনা। স্কুটিতে করে মেয়েকে স্কুলে দিতে যাওয়ার পথে ডাম্পারের তলায় চাপা পড়ে গুরুতর জখম হলেন এক যুবক। অলৌকিকভাবে রক্ষা পেয়েছে বছর পাঁচেকের শিশু কন্যা।
ঘটনাটি চুঁচুড়া শরৎ সরণি এলাকার জিটি রোডে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ব্যান্ডেলের দিক থেকে একটি ডাম্পার চুঁচুড়ার দিকে যাচ্ছিল। একই দিকে স্কুটিতে করে মেয়েকে নিয়ে যাচ্ছিলেন সুদেব দাস নামে এক যুবক। হঠাৎ একটি টোটো দাঁড়িয়ে পড়ায় ডাম্পারটি ডানদিকে সরে যায়। ঠিক পিছনেই থাকা স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারের তলায় ঢুকে পড়ে।
ধাক্কায় স্কুটি থেকে ছিটকে পড়ে যায় শিশু কন্যা। তার শরীরে তেমন আঘাত না লাগলেও সুদেব দাসের দুই পায়ের উপর দিয়ে ডাম্পার চলে যায় বলে অভিযোগ। ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ডাম্পারের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ তাকে আটক করে। খালাসিকেও আটক করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দাদের সহায়তায় সুদেব দাসকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতাল-এ ভর্তি করা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
আহত সুদেব দাসের বাড়ি ব্যান্ডেল মিলিটারি কলোনিতে। তাঁর মেয়ে টেকনো ইন্ডিয়া স্কুল-এর এল কে জি-র ছাত্রী।
ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ডাম্পারটি আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।