গড়িয়ায় বেআইনি নির্মাণে বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ কাঠামো

May 21, 2026 - 13:34
 10
গড়িয়ায় বেআইনি নির্মাণে বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ কাঠামো

দক্ষিণ কলকাতা-র গড়িয়া বড়াল মেইন রোড সংলগ্ন ১১১ নম্বর ওয়ার্ড এলাকায় বেআইনি নির্মাণের বিরুদ্ধে বড়সড় অভিযান চালাল প্রশাসন। গড়িয়া শ্মশান সংলগ্ন এলাকায় গড়ে ওঠা একাধিক অবৈধ নির্মাণ আর্থ মুভার মেশিন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় অনুমতি ছাড়া বেআইনিভাবে নির্মাণকাজ চলছিল বলে অভিযোগ উঠছিল। একাধিকবার অভিযোগ জমা পড়ার পর প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হয়। এরপরই অভিযান চালিয়ে অবৈধ নির্মাণ ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার সকালে প্রশাসনের আধিকারিক, পুলিশ বাহিনী এবং পুরসভার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। নিরাপত্তার কড়া ব্যবস্থার মধ্যেই আর্থ মুভার মেশিন দিয়ে একের পর এক বেআইনি কাঠামো ভেঙে ফেলা হয়। অভিযানের সময় এলাকায় উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী।

স্থানীয় বাসিন্দাদের একাংশ এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের দাবি, অবৈধ নির্মাণের কারণে দীর্ঘদিন ধরে এলাকার পরিবেশ ও যাতায়াতে সমস্যা তৈরি হচ্ছিল। যদিও ক্ষতিগ্রস্তদের একাংশের অভিযোগ, পর্যাপ্ত সময় না দিয়েই প্রশাসন উচ্ছেদ অভিযান চালিয়েছে।

পুর প্রশাসনের তরফে জানানো হয়েছে, শহরে বেআইনি নির্মাণের বিরুদ্ধে অভিযান আগামী দিনেও চলবে।