গাঁজাসহ গ্রেফতার তিন দুষ্কৃতী, উদ্ধার ২৬ কেজি মাদক

Mar 10, 2026 - 07:54
 20
গাঁজাসহ গ্রেফতার তিন দুষ্কৃতী, উদ্ধার ২৬ কেজি মাদক

হাবড়া: গোপন সূত্রে খবর পেয়ে প্রায় ২৬ কেজি গাঁজাসহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল হাবড়া থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি মোটরবাইকও আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম কমল কৃষ্ণ বিশ্বাস ওরফে সোনা, অভয় পাল এবং প্রশান্ত শীল ওরফে সায়ন। রবিবার ভোরে রুদ্রপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, একটি বাইকে করে ওই তিনজন বিপুল পরিমাণ গাঁজা নিয়ে যাচ্ছে বলে গোপন সূত্রে খবর আসে। সেই খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে রুদ্রপুর বাজার এলাকায় তাদের আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে প্রায় ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানিয়েছে, ধৃত কমল কৃষ্ণ বিশ্বাস ওরফে সোনার বিরুদ্ধে তোলা চাওয়ার হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। পাশাপাশি, শনিবার রাতে এক ব্যবসায়ীর কারখানায় গুলি চালানোর ঘটনায়ও তার নাম জড়িয়েছে বলে অভিযোগ।

রবিবার ধৃত তিনজনকে বারাসাত আদালতে তোলা হয়। তাদের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া গাঁজা কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচার করার পরিকল্পনা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ব্যবসায়ীর কারখানায় গুলি চালানোর ঘটনাটিরও তদন্ত শুরু করেছে পুলিশ।