কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত কোয়ার্টারের পাশে প্লাস্টিকের ব্যাগে ৬টি বোমা উদ্ধার, ঘটনাস্থল পরিদর্শনে কর্তৃপক্ষ
নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয় চত্বরে চাঞ্চল্য। রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের একটি পরিত্যক্ত কোয়ার্টারের পাশ থেকে প্লাস্টিকের ব্যাগে রাখা বোমা উদ্ধার ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি প্লাস্টিকের ব্যাগের ভিতরে প্রায় ৬টি কৌটা বোমা মজুত ছিল। গোপন সূত্রে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কল্যাণী থানার পুলিশ। উদ্ধার হওয়ার পর থেকেই গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে এবং সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
খবর দেওয়া হয়েছে বোম নিষ্ক্রিয়কারী দলকে। বিশেষজ্ঞ দল এসে বোমাগুলি পরীক্ষা করে নিষ্ক্রিয় করবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেন। কে বা কারা ওই এলাকায় বোমা মজুত করে রেখেছিল, তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ। বিশ্ববিদ্যালয় চত্বরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।