উলুবেড়িয়ায় মর্মান্তিক পারিবারিক রক্তাক্ত কাণ্ড, স্ত্রী-ছেলেকে খুনের পর আত্মঘাতীর চেষ্টা স্বামীর
হাওড়ার উলুবেড়িয়া থানা এলাকার বাণীতলায় বৃহস্পতিবার গভীর রাতে ঘটল এক নৃশংস পারিবারিক হত্যাকাণ্ড। অভিযোগ, স্ত্রী ও এক ছেলেকে কাটারি দিয়ে কুপিয়ে খুন করে আত্মঘাতীর চেষ্টা করেন স্বামী প্রদীপ মুখোপাধ্যায় (প্রায় ৪০)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন অপর্ণা মুখোপাধ্যায় (৩৮) এবং বড় ছেলে প্রণব। গুরুতর জখম অবস্থায় ছোট ছেলে আবিরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের দাবি, বেশ কিছুদিন ধরেই পরিবারে অশান্তি চলছিল। বৃহস্পতিবার সকাল থেকেই স্ত্রী ও ছেলেদের সঙ্গে প্রদীপের বিবাদ শুরু হয়। গভীর রাতে অপর্ণা ও তাঁর দুই ছেলে ঘরের মধ্যে ঘুমিয়ে থাকাকালীন, অভিযোগ প্রদীপ ঘরের টালি খুলে ভিতরে ঢুকে পড়েন। এরপর ঘুমন্ত অবস্থায় স্ত্রী ও বড় ছেলের উপর এলোপাতাড়ি কোপাতে থাকেন।
এই সময় ছোট ছেলে আবির প্রাণ বাঁচাতে ঘর থেকে পালানোর চেষ্টা করলে, তার দিকেও কাটারি ছুড়ে মারা হয়। তাতে সে গুরুতর জখম হয়।
ঘটনার পর প্রদীপ মুখোপাধ্যায় বিষ খেয়ে আত্মঘাতীর চেষ্টা করেন। পুলিশ তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করেছে। পাশাপাশি তাঁর মা কৃষ্ণা মুখোপাধ্যায়কে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটল, তার তদন্ত শুরু হয়েছে। এলাকায় এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।