ইভিএম খারাপ ঘিরে উত্তেজনা, বালিতে লাঠিচার্জ-জখম ভোটার, আটক ২
হাওড়া, বালি:
ভোটের দিন হাওড়ার বালি বিধানসভা কেন্দ্রে উত্তেজনা ছড়াল ইভিএম বিকল হওয়াকে কেন্দ্র করে। ডন বসকো লিলুয়া সোহনলাল বিদ্যালয়ের ১৫২, ১৫৩ ও ১৫৪ নম্বর বুথে আচমকাই ভোটগ্রহণ ব্যাহত হয় মেশিনে ত্রুটি দেখা দেওয়ায়।
এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে পড়েন ভোটারদের একাংশ। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে হস্তক্ষেপ করে কেন্দ্রীয় বাহিনী। উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ, এতে কয়েকজন ভোটার জখম হন।
ঘটনার জেরে দু'জনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী, যাতে পরিস্থিতি স্বাভাবিক রাখা যায়।
এই ঘটনাকে কেন্দ্র করে ভোটের দিন নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।