৫ মাস পর মুক্তি! ৪টি ট্রলার সহ ৯১ বাংলাদেশি মৎস্যজীবীকে ফেরাল ভারত

Jun 7, 2026 - 10:37
 21
৫ মাস পর মুক্তি! ৪টি ট্রলার সহ ৯১ বাংলাদেশি মৎস্যজীবীকে ফেরাল ভারত

অমিত মণ্ডল, ফ্রেজারগঞ্জ:

দীর্ঘ প্রায় পাঁচ মাসের বন্দিদশা কাটিয়ে অবশেষে নিজের দেশে, নিজের পরিবারের কাছে ফিরে যাচ্ছেন ৯১ জন বাংলাদেশি মৎস্যজীবী। শনিবার দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দর থেকে ৪টি ট্রলার সহ ৯১ জন মৎস্যজীবীকে নিয়ে আন্তর্জাতিক জলসীমানার উদ্দেশ্যে রওনা দিয়েছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর আধিকারিকরা। সেখানে দু'দেশের নৌবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে তাঁদের বাংলাদেশের হাতে হস্তান্তর করা হবে।

প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় ৫ মাস আগে গভীর সমুদ্রে মাছ ধরার সময় আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করে অবৈধভাবে ভারতীয় জলসীমানায় চলে এসেছিল বাংলাদেশের ৪টি মাছ ধরার ট্রলার। সেই সময় ভারতীয় উপকূল রক্ষী বাহিনী ট্রলারসহ ৯১ জন মৎস্যজীবীকে আটক করে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেয়। আইনি প্রক্রিয়া ও আদালতের নির্দেশে প্রায় চার মাসেরও বেশি সময় ভারতীয় জেলে বন্দি ছিলেন তাঁরা। অবশেষে সমস্ত আইনি জট কেটে যাওয়ায় শনিবার ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দর থেকে স্বদেশের উদ্দেশ্যে রওনা দেন বাংলাদেশের মৎস্যজীবীরা। এই ট্রলারগুলি ছাড়ার সময় ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনের আধিকারিকরা, ভারতীয় কোস্ট গার্ডের ফ্রেজারগঞ্জ ঘাঁটির কর্তারা এবং ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পদস্থ পুলিশ আধিকারিকরা।