হাসপাতালের ছাদ থেকে ‘জয়শ্রীরাম’ বলে ঝাঁপ রোগীর, আশঙ্কাজনক অবস্থায় ফের ভর্তি—নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

Feb 23, 2026 - 14:41
 0
হাসপাতালের ছাদ থেকে ‘জয়শ্রীরাম’ বলে ঝাঁপ রোগীর, আশঙ্কাজনক অবস্থায় ফের ভর্তি—নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

পূর্ব মেদিনীপুরে চাঞ্চল্যকর ঘটনা। কাঁথি মহকুমা হাসপাতাল-এর ছাদ থেকে ‘জয়শ্রীরাম’ বলে ঝাঁপ দিলেন এক রোগী। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, ঝাঁপ দেওয়ার পর প্রথমে তিনি বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন, তারপর মাটিতে আছড়ে পড়েন। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারাই দ্রুত ছুটে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

প্রাথমিকভাবে জানা গেছে, প্রায় ৫০ বছর বয়সি ওই ব্যক্তি কয়েকদিন আগে অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হাসপাতালের এক্সট্রা ১২ নম্বর বেডে তাঁর চিকিৎসা চলছিল। এখনও পর্যন্ত তাঁর নাম-পরিচয় বা পরিবারের খোঁজ মেলেনি।

ঘটনাকে ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। অভিযোগ, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা এড়িয়ে কীভাবে তিনি ছাদে উঠলেন? ঝাঁপ দেওয়ার সময় বা তার পরপরই কেন নিরাপত্তাকর্মী বা কর্তৃপক্ষের কাউকে ঘটনাস্থলে দেখা গেল না—তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। হাসপাতালের সুপার ও সহকারী সুপারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁরা ছুটিতে রয়েছেন বলে জানা যায়। অন্য কোনও দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষও এ বিষয়ে মুখ খুলতে চাননি।

ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। তদন্ত ও নিরাপত্তা জোরদারের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।