সোনার হার ছিনতাই, সিসিটিভি দেখে কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার দুই

Mar 12, 2026 - 11:53
 14
সোনার হার ছিনতাই, সিসিটিভি দেখে কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার দুই

বিশ্ব সমাচার, বারুইপুর : দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের চম্পাহাটি এলাকায় সোনার হার ছিনতাইয়ের ঘটনায় দ্রুত পদক্ষেপ নিল পুলিশ। সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে কয়েক ঘণ্টার মধ্যেই ছিনতাই হওয়া সোনার হার উদ্ধার করে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার অন্তর্গত চম্পাহাটি এলাকায়। বুধবার সকালে চম্পাহাটির বাসিন্দা রেখা সরদার জানান, মঙ্গলবার সন্ধ্যায় তিনি ঢাকুরিয়ার একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে রাত সাড়ে ন’টা নাগাদ চম্পাহাটি স্টেশনে ট্রেন থেকে নেমে হেঁটে বাড়ি ফিরছিলেন। রেখা দেবীর বাড়ি চম্পাহাটি স্টেশনের কাছে হালদার পাড়া এলাকায়। অভিযোগ, সেই সময় দুই যুবক বাইকে করে এসে আচমকাই তাঁর গলার সোনার হার ছিনতাই করে পালিয়ে যায়। ঘটনায় তাঁর গলায় আঘাত লাগে এবং রক্তাক্ত হন তিনি। ছিনতাই হওয়া হারটির ওজন প্রায় ৮ থেকে ১০ গ্রাম বলে জানা গিয়েছে। অভিযুক্তদের মধ্যে একজনকে চিনতে পেরেছিলেন বলেও দাবি করেন তিনি। ঘটনার পরই বিষয়টি চম্পাহাটি পুলিশ ফাঁড়িতে জানান ওই মহিলা। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে কয়েক ঘণ্টার মধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

              পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সোমনাথ মণ্ডল ও সৌরভ নস্কর। দুজনেরই বাড়ি বারুইপুর থানার সাউথ গড়িয়া এলাকায়। উদ্ধার হয়েছে ছিনতাই হওয়া সোনার হারও। ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়।