সমুদ্রযাত্রার প্রস্তুতি আর গঙ্গা মায়ের আরাধনা! 'ব্যান পিরিয়ডে' উৎসবের মেজাজে ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দর

May 14, 2026 - 14:18
 0
সমুদ্রযাত্রার প্রস্তুতি আর গঙ্গা মায়ের আরাধনা! 'ব্যান পিরিয়ডে' উৎসবের মেজাজে ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দর

অমিত মণ্ডল, ফ্রেজারগঞ্জ:

গভীর সমুদ্রে এখন ইলিশ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা বা 'ব্যান পিরিয়ড' চলছে। কিন্তু তাতে কী? ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে ব্যস্ততার শেষ নেই।

কোথাও হাতুড়ি-বাটালির শব্দে চলছে পুরনো ট্রলার মেরামতি, কোথাও আবার তৈরি হচ্ছে ঝকঝকে নতুন নৌকা। ১৪ই জুন নিষেধাজ্ঞা উঠলেই রুপোলি শস্যের সন্ধানে উত্তাল সমুদ্রে পাড়ি দেবেন হাজার হাজার মৎস্যজীবী। আর সেই কঠিন যাত্রার আগে মঙ্গলবার থেকে ফ্রেজারগঞ্জে শুরু হলো ঐতিহ্যবাহী ' মৎস্যকন্যা' ও 'গঙ্গা মাতা'র পুজো।

মৎস্যজীবীদের কাছে সমুদ্র কেবল জলরাশি নয়, ওটাই তাঁদের সংসার। বছরের অধিকাংশ সময় ভিটেমাটি ছেড়ে নোনা জলের বুকে দিন কাটে তাঁদের। তাই সমুদ্রযাত্রার আগে মায়ের আশীর্বাদ নেওয়া তাঁদের কাছে এক পরম বিশ্বাস। মঙ্গলবার থেকে ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরের মাঠে শুরু হয়েছে তিন দিনব্যাপী এই মেগা পুজো। সুন্দর করে সাজানো মণ্ডপে গঙ্গা মাতা এবং মৎস্যকন্যার আরাধনায় মেতেছেন মৎস্যজীবী ও তাঁদের পরিবারের সদস্যরা। পুজোকে কেন্দ্র করে মৎস্য বন্দর এলাকায় উৎসবের আমেজ। তিন দিন ধরে চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। মৎস্যজীবী পরিবারের মহিলারা উপবাস থেকে গঙ্গা মায়ের চরণে অঞ্জলি দিচ্ছেন। প্রত্যেকের মনে একটাই প্রার্থনা গভীর সমুদ্রে যেন কোনো প্রাকৃতিক বিপর্যয় না আসে, যেন সুস্থ শরীরে জালে ইলিশ নিয়ে মৎস্যজীবীরা বন্দরে ফিরতে পারেন। ট্রলারের ইঞ্জিন পরীক্ষা করা থেকে শুরু করে নতুন জাল বোনা, সব কাজই এখন শেষ পর্যায়ে। মৎস্যজীবীরা জানাচ্ছেন, এই 'ব্যান পিরিয়ড'-এর সময়টাই

তাঁদের আগামী দিনের লড়াইয়ের রসদ জোগানোর সময়। একদিকে যেমন নৌকার ভোল বদলে ফেলা হচ্ছে, তেমনই পুজোর মাধ্যমে আধ্যাত্মিক শক্তি সঞ্চয় করছেন তাঁরা।

১৪ই জুন শেষ হওয়ার সেই কাঙ্ক্ষিত দিনটির জন্য এখন প্রহর গুনছে গোটা ফ্রেজারগঞ্জ।