শেষের পথে তদন্ত, ত্রুটি নেই জ্বালানি সুইচে!

Jul 30, 2026 - 14:40
 5
শেষের পথে তদন্ত, ত্রুটি নেই জ্বালানি সুইচে!

আহমেদাবাদ কাণ্ডের তদন্ত প্রায় শেষের মুখে। বিমানের জ্বালানি সুইচের লকিং ব্যবস্থায় কোনও ত্রুটি খুঁজে পাননি তদন্তকারীরা। বুধবার সংসদে এমনটাই জানাল কেন্দ্র।এদিন অধিবেশন চলাকালীন একটি প্রশ্নের উত্তরে অসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মুরলিধর মোহল বলেন, “বিমানটির মূল সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা একটি পরীক্ষা চালিয়েছে। সেখানে জ্বালানি সুইচ বা তার লকিং মেকানিজমে কোনও ত্রুটি পাওয়া যায়নি।” তবে মন্ত্রী জানিয়েছেন, উড়ানের ‘থ্রাস্ট কন্ট্রোল মডিউল’-টির বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা এখনও চলছে। তদন্তকারীরা এর ফলাফলের অপেক্ষায় রয়েছেন। অনেকে অভিযোগ করেছিলেন, আহমেদাবাদ দুর্ঘটনার চূড়ান্ত তদন্ত রিপোর্ট তৈরিতে দেরি করছে ‘এয়ারক্রাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো’ (এএআইবি)। এদিন সরকার এই অভিযোগ খারিজ করে দিয়েছে। কেন্দ্রের বক্তব্য, বড় ধরনের বিমান দুর্ঘটনার তদন্ত কোনও নির্দিষ্ট সময়সীমা মেনে চলে না; বরং নতুন নতুন তথ্য-প্রমাণের সঙ্গে সঙ্গে তদন্তের গতিপথ ও প্রক্রিয়া পরিবর্তিত হতে থাকে। মুরলিধর বলেন, “দুর্ঘটনার সম্ভাব্য সকল কারণ ও সংশ্লিষ্ট বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে।" প্রসঙ্গত, দুর্ঘটনার পর একটি অন্তর্বর্তী তদন্ত রিপোর্ট প্রকাশিত হয়েছে। আর তাতে ককপিটে দুই বিমান চালকের মধ্যে দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে কী কী কথা হয়েছিল, তার রেকর্ডিং প্রকাশ্যে এসেছে।