শান্তিপূর্ণ ভোট, গুজবে কান না দেওয়ার বার্তা-কলকাতা পুলিশের সিপি

May 7, 2026 - 13:43
 6
শান্তিপূর্ণ ভোট, গুজবে কান না দেওয়ার বার্তা-কলকাতা পুলিশের সিপি

কলকাতা: ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং মানুষ নির্ভয়ে ভোট দিয়েছেন বলে জানালেন কলকাতা পুলিশের কমিশনার। তিনি সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়ে গুজবে কান না দেওয়ার অনুরোধ করেন।

তিনি জানান, শহরে কেন্দ্রীয় বাহিনী (CAPF) এবং কুইক রেসপন্স টিম (QRT) মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কলকাতা পুলিশ ও CAPF যৌথভাবে কন্ট্রোল রুম চালাচ্ছে। এখনও পর্যন্ত প্রায় ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে এবং বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে বলে জানা গেছে।

বিজয় মিছিল প্রসঙ্গে তিনি স্পষ্ট করে দেন, পুলিশের অনুমতি নিয়েই মিছিল করতে হবে। কোনও অবস্থাতেই JCB ব্যবহার করে র‍্যালি বা মিছিল করা যাবে না। যাঁরা JCB ভাড়া দিচ্ছেন, তাঁদেরও এই বিষয়ে সতর্ক করা হয়েছে। আইন ভাঙলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

এন্টালি এলাকার সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, সেটি রাজনৈতিক নয়, নির্মাণ সংক্রান্ত বিবাদের জেরে ঘটেছে। ওই ঘটনায় ইতিমধ্যেই একজনকে আটক করা হয়েছে।

নিউ মার্কেট এলাকায় বুলডোজার নিয়ে ভাঙচুরের অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নিরাপত্তা নিয়ে তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে নির্ধারিত ক্যাটাগরি অনুযায়ী নিরাপত্তা পুনর্বিন্যাস করা হয়েছে।

একইসঙ্গে তিনি বলেন, "কোনও নাগরিককে বিপদের মধ্যে থাকতে দেওয়া হবে না। আমরা গণতন্ত্র রক্ষায় কাজ করছি এবং সব পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।”

এছাড়াও তিনি সতর্ক করে দেন, কলকাতা পুলিশের নামে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। এই বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভোটের সময় যেভাবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা হয়েছিল, আগামী দিনেও সেই পরিবেশ বজায় রাখতে সবরকম পদক্ষেপ নেওয়া হবে।