লখনউ কাজে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত যুবকের দেহ ফিরলো নামখানায়
অমিত মন্ডল, নামখানা:লখনৌয়ে কাজে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন নামখানার দ্বারিকনগর এলাকার যুবক। বুধবার নামখানায় পৌঁছালো সৌমাল্য বেরা(২৫)-র কফিনবন্দি নিথর দেহ। মাসখানেক পরেই তার বিয়ের কথা ছিল বলে জানা গিয়েছে। কিন্তু তার আগেই সব শেষ।
সোমবার উত্তরপ্রদেশের আলিয়াগঞ্জ এলাকায় ঊষা মেহতা মার্গের একটি তিন তলা বাণিজ্যিক ভবনে আগুন লাগে। ওই ভবনে একটি অ্যানিমেশন ও প্রশিক্ষণ কেন্দ্র সহ একাধিক সংস্থা চলতো। ওই বিল্ডিং এ আগুন লেগে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রের খবর। আর সেই তালিকায় ছিলেন নামখানার যুবক সৌমাল্য।
২০১৯ সালের নামখানা ইউনিয়ন হাই স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাস করার পর লখনৌতে অ্যানিমেশন এবং কার্টুন ডিজাইনের কাজে যান সৌমাল্য। দু'বছর ধরেই সেখানে কাজ করছিলেন। বুধবার নামখানার দ্বারিনগর এলাকার বাড়িতে সৌমাল্যর নিথর দেহ পৌছাতেই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার।