রেলের জমিতে বুলডোজার, কুলটিতে গৃহহীন কয়েক হাজার মানুষ

May 21, 2026 - 06:49
 10
রেলের জমিতে বুলডোজার, কুলটিতে গৃহহীন কয়েক হাজার মানুষ

পশ্চিম বর্ধমানের আসানসোল মহকুমার কুলটি থানার অন্তর্গত বরাকর বালতোড়িয়া গণেশ মেলা ময়দান এলাকায় রেলের জমিতে গড়ে ওঠা বস্তিতে মঙ্গলবার বুলডোজার চালায় রেল কর্তৃপক্ষ। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। উচ্ছেদ অভিযানের ফলে কয়েক হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন বলে দাবি স্থানীয়দের।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহু বছর ধরে তারা ওই এলাকায় বসবাস করছেন। তাদের একাংশের দাবি, কয়েক প্রজন্ম ধরে তারা সেখানেই বসবাস করে আসছেন। শতাধিক মাটি ও ইটের বাড়িতে হাজার হাজার মানুষের বসবাস ছিল। কিন্তু হঠাৎই একদিন আগে রেলকর্মীরা এসে এলাকা খালি করার নির্দেশ দেন এবং মঙ্গলবার সকাল থেকে বাড়িঘরের উপর বুলডোজার চালানো শুরু হয়।

উচ্ছেদ হওয়া বাসিন্দাদের বক্তব্য, প্রখর গরমের মধ্যে হঠাৎ করে মাথার উপর থেকে ছাদ সরে যাওয়ায় তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। এলাকায় বহু শিশু, বৃদ্ধ, অসুস্থ ও রোগী রয়েছেন। তাঁদের প্রশ্ন, পুনর্বাসনের কোনও ব্যবস্থা ছাড়াই তারা কোথায় যাবেন এবং কীভাবে জীবিকা নির্বাহ করবেন।

স্থানীয়দের আরও অভিযোগ, নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এলাকায় এসে তাদের আশ্বাস দিয়েছিলেন যে বসতি উচ্ছেদ করা হবে না। এমনকি অমিত শাহ বরাকরে এসে ভোট চেয়েছিলেন বলেও দাবি করেন তাঁরা। কিন্তু এখন পুনর্বাসনের কোনও স্পষ্ট আশ্বাস না দিয়েই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বলে অভিযোগ।

বুলডোজার চালানোর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রবি যাদব। তিনি এই ঘটনাকে "অত্যন্ত নিন্দনীয়" বলে উল্লেখ করেন। তাঁর দাবি, প্রায় ৪০০-র বেশি পরিবার এই এলাকায় বসবাস ও জীবিকা নির্বাহ করতেন। প্রশাসনের কাছে অবিলম্বে পুনর্বাসন, বিকল্প আবাসন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য ন্যায়বিচারের দাবি জানান তিনি।

এখন প্রশ্ন উঠছে, উচ্ছেদ হওয়া এই পরিবারগুলির পুনর্বাসনের দায়িত্ব কে নেবে এবং আগামী দিনে তারা কোথায় আশ্রয় পাবেন।