মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর ময়দানে প্রশাসন! বিভিন্ন জিনিসপত্রের দাম খতিয়ে দেখতে নামখানার ১০ মাইল বাজারে অভিযান প্রশাসনের

Aug 3, 2026 - 15:31
 11
মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর ময়দানে প্রশাসন! বিভিন্ন জিনিসপত্রের দাম খতিয়ে দেখতে নামখানার ১০ মাইল বাজারে অভিযান প্রশাসনের

অমিত মণ্ডল, নামখানা:

অতিরিক্ত দাম এবং কালোবাজারির হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাতে এবার সরাসরি ময়দানে নামল প্রশাসন! খোদ মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর রবিবার সকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনার নামখানার বিভিন্ন বাজারে শুরু হয় প্রশাসনের নজরদারি ও অভিযান। এদিন ফ্রেজারগঞ্জের ১০ মাইল বাজার ঘুরে দেখলেন নামখানার জয়েন্ট বিডিও, সাগরের এসডিপিও এবং ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ওসি-সহ বিশাল পুলিশ বাহিনী। 

রবিবার ছুটির দিনে বাজার যখন ক্রেতাদের ভিড়ে জমজমাট, ঠিক তখনই আচমকা হানা দেন প্রশাসনিক কর্তারা। এদিনের অভিযানে মাছ, মাংস, সবজি ও ফলের বাজার থেকে শুরু করে চাল, ডিমের মতো নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দোকানে গিয়ে ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে সরাসরি কথা বলেন আধিকারিকরা। কেনা দামের তুলনায় কত দামে পণ্য বিক্রি হচ্ছে এবং কোনো অনিয়ম হচ্ছে কি না, তা খুঁটিয়ে দেখা হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী দিনে নিয়ম ভাঙা বা অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ প্রমাণিত হলে শুধু পণ্য বাজেয়াপ্তই নয়, গ্রেফতার পর্যন্ত করা হতে পারে।

 এদিন বাজারে নিষিদ্ধ প্লাস্টিকের ব্যবহার নিয়েও দোকানদারদের সতর্ক করে প্রশাসন। পরিবেশবিধি মেনে ব্যবসা করার কড়া নির্দেশ দেওয়া হয়।

প্রশাসনের এই আচমকা নজরদারিকে স্বাগত জানিয়েছেন সাধারণ ক্রেতারা। তাঁদের বক্তব্য, জিনিসপত্রের দাম যেভাবে বাড়ে, তাতে মাসের শেষে পকেটে টান পড়ে। নিয়মিতভাবে প্রতি মাসে অন্তত একবার এই ধরনের নজরদারি চালানো হলে কালোবাজারি অনেকটাই নিয়ন্ত্রণে আসবে এবং সাধারণ মানুষ কিছুটা স্বস্তিতে বাজার করতে পারবেন।