মালদায় বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, আটক বড় ছেলে

Mar 8, 2026 - 18:40
 7
মালদায় বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, আটক বড় ছেলে

মালদা:

শুক্রবার রাতে এক বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মালদা শহরের বালুচরের মুচিপাড়া এলাকায়। মৃতার নাম লক্ষ্মী দাস (৫৫)। তাঁর দুই ছেলে রয়েছে। স্বামী কয়েক বছর আগে মারা গিয়েছেন। তিনি পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন। বাবার মৃত্যুর পর সেই চাকরি পান ছোট ছেলে বিকাশ দাস, যিনি বর্তমানে মালদা সংশোধনাগারে কর্মরত।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় প্রতিবেশীরা দেখেন বড় ছেলে কৃষ্ণ দাস মায়ের নিথর দেহ তিনতলার ছাদ থেকে একতলায় নামিয়ে আনছেন। ঘটনাটি দেখে সন্দেহ হয় এলাকার মানুষের। সঙ্গে সঙ্গেই তাঁরা দেহ সরিয়ে নিতে বাধা দেন এবং খবর দেন পুলিশে।

এলাকার তৃণমূল কাউন্সিলার পলি সরকারের অভিযোগ, দুই ছেলেই মদ্যপ এবং এলাকার মানুষের সঙ্গে তাদের সম্পর্কও ভালো ছিল না। অসুস্থ মাকে তারা ঠিকমতো দেখাশোনা করতেন না। দোলের সময় থেকে ওই বৃদ্ধা বাড়িতে একাই থাকতেন বলেও দাবি করেন তিনি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। পাশাপাশি বড় ছেলে কৃষ্ণ দাসকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।