মাঝ সমুদ্রে যমে-মানুষে টানাটানি! উত্তাল আরব সাগরে অচৈতন্য মৎস্যজীবীকে উদ্ধার করল কোস্ট গার্ডের 'আচুক'

Apr 22, 2026 - 15:16
 0
মাঝ সমুদ্রে যমে-মানুষে টানাটানি!  উত্তাল আরব সাগরে অচৈতন্য মৎস্যজীবীকে উদ্ধার করল কোস্ট গার্ডের 'আচুক'

অমিত মণ্ডল:

মাঝ সমুদ্রের উত্তাল ঢেউ আর নিকষ

কালো অন্ধকারকে হার মানিয়ে এক মৎস্যজীবীর প্রাণ বাঁচাল ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। গোয়া উপকূল থেকে প্রায় ২০০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে অচৈতন্য হয়ে পড়া এক জেলেকে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার করল কোস্ট গার্ডের জাহাজ 'আচুক'। মঙ্গলবার ভোরে কোস্ট গার্ডের পক্ষ থেকে এই সফল 'মেডিকেল ইভাকুয়েশন'-এর কথা জানানো হয়েছে। বিপদগ্রস্ত মাছ ধরার ট্রলারটির নাম ছিল'আইএফবি বেনি'। ট্রলারটি যখন গোয়া থেকে কয়েকশো কিলোমিটার দূরে গভীর সমুদ্রে মাছ ধরছিল, তখন হঠাৎই এক মৎস্যজীবী গুরুতর অসুস্থ হয়ে অচৈতন্য হয়ে পড়েন। ট্রলারের অন্যান্যরা আতঙ্কিত হয়ে পড়েন এবং উপকূলে খবর পাঠানোর চেষ্টা করেন। খবর পৌঁছানো মাত্রই সমুদ্রের টহলদারিতে থাকা কোস্ট গার্ডের অত্যাধুনিক জাহাজ 'আচুক' সেই দিকে রওনা দেয়। রাত তখন গভীর। সমুদ্র ছিল অত্যন্ত উত্তাল, ঢেউয়ের উচ্চতাও ছিল স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। এই পরিস্থিতিতে বড় জাহাজ থেকে ছোট ট্রলারে নামা প্রায় অসম্ভব ছিল। কিন্তু জওয়ানদের অদম্য জেদ আর সাঁতারের অসামান্য নৈপুণ্যকে কাজে লাগিয়ে কোস্ট গার্ডের উদ্ধারকারী দল উত্তাল সমুদ্রের ঢেউয়ের তোয়াক্কা না করেই ট্রলারে পৌঁছান। অচৈতন্য মৎস্যজীবীকে স্ট্রেচারে করে অত্যন্ত সাবধানে জাহাজে তুলে আনা হয়। কোস্ট গার্ড জানিয়েছে, জাহাজের দক্ষ সাঁতারুরা এই অপারেশনে মূল ভূমিকা পালন করেছেন। অচৈতন্য ওই জেলেকে জাহাজের মেডিকেল রুমে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর দ্রুত স্থলভাগে আনা হয় এবং নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তাঁর

অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।