মল্লারপুরের কোট গ্রামে উদ্ধার ৩১টি তাজা বোমা, চাঞ্চল্য এলাকাজুড়ে
বীরভূম জেলার মল্লারপুর থানার অন্তর্গত কোট গ্রামে বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সকালে কোট গ্রামের চাঁদের মাঠ সংলগ্ন পুকুরপাড়ের বাঁশঝাড়ের পাশে থরে থরে সাজানো অবস্থায় একাধিক তাজা বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি সামনে আসতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, বিষয়টি জানানো হয় মল্লারপুর থানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মল্লারপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে শুরু করে তল্লাশি অভিযান। পরে বাঁশঝাড়ের পাশ থেকে মোট ৩১টি তাজা বোমা উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
ঘটনার গুরুত্ব বিবেচনা করে এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডকে। বর্তমানে গোটা এলাকা পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে রাখা হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে কোট গ্রামের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। নির্বাচনের পর এত বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের ঘটনায় নতুন করে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে কে বা কারা, কী উদ্দেশ্যে এই বোমাগুলি সেখানে মজুত করে রেখেছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা যায়নি। পুলিশ সূত্রে জানানো হয়েছে, পুরো ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।