মনসা মন্দির থেকে ফেরার পথে দুর্ঘটনা, একই পরিবারের ৯ জন জখম

Apr 19, 2026 - 07:41
 12
মনসা মন্দির থেকে ফেরার পথে দুর্ঘটনা, একই পরিবারের ৯ জন জখম

পূর্ব মেদিনীপুর: মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়ল একই পরিবারের সদস্যরা। পাঁশকুড়া থানার ধুলিয়াড়া এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনায় গুরুতর জখম হন মোট ৯ জন।

জানা গিয়েছে, কোলাঘাট ব্লকের পারুলিয়া গ্রামের বাসিন্দা শক্তিপদ জানা ও পদ্মারানী জানা তাঁদের নাতি-নাতনি ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে মারুতি গাড়িতে করে পশ্চিম মেদিনীপুরের মাদপুরের মনসা মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। শনিবার দুপুরে ফেরার পথে ধুলিয়াড়ার কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির পেছনে সজোরে ধাক্কা মারে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পাঁশকুড়া থানার পুলিশ। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল-এ নিয়ে যাওয়া হয়।

চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে সাড়ে তিন বছরের একটি শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল-এ স্থানান্তরিত করা হয়েছে। বাকি আহতদের মধ্যে মারুতি গাড়ির চালকসহ আটজনের চিকিৎসা পাঁশকুড়া হাসপাতালেই চলছে।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।