ভোটার তালিকা থেকে বিজেপির চার্জশিট-একাধিক ইস্যুতে সরব শশী পাঁজা
কলকাতা: সাংবাদিক সম্মেলনে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে সরব হলেন তৃণমূল কংগ্রেস নেত্রী শশী পাঁজা। ভোটার তালিকায় নাম বাদ পড়া থেকে শুরু করে বিজেপির চার্জশিট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি-সব বিষয়েই তিনি তীব্র প্রতিক্রিয়া জানান।
ভোটার তালিকা প্রসঙ্গে শশী পাঁজা জানান, তাঁর বিধানসভা কেন্দ্রের ২০৯ নম্বর পার্টে তিনি নিজের নাম দেখতে পেলেও এখনও স্পষ্ট নয় কতজনের নাম বাদ পড়েছে। শ্যামপুকুর কেন্দ্রে ২৭০০-র বেশি অ্যাডজুডিকেশন রয়েছে উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, তাদের ভবিষ্যৎ কী হবে। সাপ্লিমেন্টারি তালিকা নিয়েও বিভ্রান্তির অভিযোগ তুলে তিনি বলেন, নির্বাচনে প্রার্থী হওয়া তাঁর সাংবিধানিক অধিকার, তা কোনওভাবেই কেড়ে নেওয়া যায় না। প্রয়োজনীয় সমস্ত নথি জমা দেওয়ার পরও নাম অ্যাডজুডিকেশনে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।
বিজেপির চার্জশিটের জবাবে শশী পাঁজা বলেন, বাংলার বঞ্চনা নিয়ে তৃণমূল আগেই চার্জশিট পেশ করেছে। ১০০ দিনের কাজের বকেয়া টাকা কেন দেয়নি কেন্দ্র, সেই প্রশ্নও তোলেন তিনি। কেন্দ্রীয় বাজেটে বাংলার জন্য কোনও বরাদ্দ নেই বলেও অভিযোগ করেন। পাশাপাশি বিজেপির কাছে তাদের রিপোর্ট কার্ড প্রকাশের দাবি জানান এবং বলেন, তারা সারা দেশে কী কাজ করেছে, তার হিসাব দিতে হবে।
বাসন্তীর ঘটনায় আইসি বদল নিয়ে তিনি জানান, বর্তমানে মডেল কোড অফ কন্ডাক্ট চলছে এবং প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে কাজ করছে, তাই ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। একইসঙ্গে রামনবমী উপলক্ষে উচ্চস্বরে ডিজে বাজানো নিয়ে সাধারণ মানুষের সমস্যার কথাও তুলে ধরেন।
ভাঙড় থেকে জঙ্গিপুর পর্যন্ত প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের অভিযোগ তুলে তিনি বলেন, এই ধরনের ঘটনা সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট দেখা যাচ্ছে এবং নির্বাচন কমিশনের উচিত স্বতঃপ্রণোদিত হয়ে ব্যবস্থা নেওয়া। অল পার্টি বৈঠকেও এই বিষয়গুলি তোলা হয়েছে বলে জানান তিনি।
সাংবাদিক সম্মেলন থেকে একাধিক ইস্যুতে নির্বাচন কমিশন ও কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র করলেন শশী পাঁজা।