"বাংলার সার্বিক উন্নয়নই আমাদের লক্ষ্য" - দিলীপ ঘোষ
সেন্ট্রাল পার্ক, সল্টলেক:
রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি, সম্ভাব্য দফতর বণ্টন থেকে শুরু করে আইনশৃঙ্খলা ও সংখ্যালঘু উন্নয়ন একাধিক ইস্যুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের বক্তব্য তুলে ধরলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
নিজের পছন্দের দফতর সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, "বাংলায় সার্বিক উন্নয়ন প্রয়োজন। তাই প্রতিটি দফতরই অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলের শীর্ষ নেতৃত্ব এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। আমরা কর্মী হিসেবে ভোটে লড়ার নির্দেশ পেয়েছিলাম, লড়েছি এবং জিতেছি। সামনে বড় লক্ষ্য রয়েছে। সকলকে একসঙ্গে সেই লক্ষ্য সফল করতে হবে।"
সংখ্যালঘু উন্নয়ন দফতর ভবিষ্যতে থাকবে কি না, সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "আমাদের লক্ষ্য 'সবকা সাথ, সবকা বিকাশ'। এতদিন সংখ্যালঘুদের উন্নয়নের কথা বলা হয়েছে। এবার সকলের উন্নয়নের কথা ভাবা হবে। আদিবাসী ও উপজাতি সম্প্রদায় দীর্ঘদিন ধরে পিছিয়ে রয়েছে, তাদের বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।" তবে দফতরটি থাকবে কি না, সে বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, "দলই সিদ্ধান্ত নেবে। নতুন কিছু চালু হতে পারে, আবার পুরোনো কিছু বন্ধও হতে পারে।”
রাজ্যে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, "পুরোনো সরকারের পুরোনো সংস্কৃতি এখনও চলছে। পুলিশের মানসিকতারও পরিবর্তন প্রয়োজন। শপথ গ্রহণের পর পরিস্থিতির পরিবর্তন হবে। যারা হিংসার সঙ্গে যুক্ত, তাদের সমস্যায় পড়তে হবে।”
এছাড়াও প্রাক্তন মন্ত্রিসভা নিয়ে রাজ্যপালের গেজেট বিজ্ঞপ্তি প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র কটাক্ষ করেন।