পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে দামের ধসে বিপাকে পেঁয়াজ চাষিরা
পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে পেঁয়াজের দাম তলানিতে নেমে যাওয়ায় বিপাকে পড়েছেন চাষিরা। বর্তমানে মাঠ থেকেই কেজি প্রতি মাত্র ৬ টাকা দরে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন তাঁরা। অন্যদিকে ঝুরো পেঁয়াজের পাইকারি দর নেমে এসেছে কেজি প্রতি প্রায় ৫ টাকায়।
চাষিদের অভিযোগ, ফোঁড়েদের দাপটে মহাজনরা সরাসরি জমিতে এসে পেঁয়াজ কিনতে পারছেন না। ফলে ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। অনেক ক্ষেত্রেই বাধ্য হয়ে কম দামে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে তাদের।
স্থানীয় সূত্রে জানা গেছে, এ বছর এলাকায় পেঁয়াজের ব্যাপক ফলন হয়েছে। কিন্তু বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ থাকায় বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় দামের বড়সড় পতন ঘটেছে। এর ফলে বিঘে প্রতি প্রায় ১৫ হাজার টাকা পর্যন্ত ক্ষতির মুখে পড়ছেন চাষিরা বলে অভিযোগ।
পূর্বস্থলী ১ ও ২ নম্বর ব্লকের সিংহারি, লক্ষ্মীপুর, কল্যাণপুর, বাবুইডাঙ্গা, মেড়তলা, সরডাঙ্গা, বকপুর ও নাদনঘাট-সহ একাধিক এলাকায় এ বছর পেঁয়াজের ভালো ফলন হলেও কম দামের কারণে উদ্বেগে রয়েছেন কৃষকরা। ন্যায্য দাম না পেলে চাষ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই।