পশ্চিম মেদিনীপুরের বেলদায় চলন্ত ট্রেনেই প্রসব! রেল পুলিশের তৎপরতায় হাসপাতালে ভর্তি মা ও সদ্যোজাত
বেলদা, পশ্চিম মেদিনীপুর: চলন্ত ট্রেনের কামরাতেই কন্যাসন্তানের জন্ম দিলেন এক পরিযায়ী শ্রমিক পরিবারের গৃহবধূ। এই ঘটনাকে কেন্দ্র করে ডাউন বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট যশবন্তপুর এক্সপ্রেসে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রেল পুলিশের তৎপরতায় প্রসূতি ও সদ্যোজাত কন্যাকে উদ্ধার করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অসমের দারাঙ জেলার ডালগাঁও থানার শিয়ালমারি এলাকার বাসিন্দা ৩৫ বছর বয়সি কচিরান নেশা তাঁর স্বামী বাহারুলের সঙ্গে কর্নাটকে থাকতেন। বাহারুল সেখানে চা বাগানে শ্রমিক হিসেবে কাজ করেন। প্রসবের সময় ঘনিয়ে আসায় তাঁরা বেঙ্গালুরু থেকে নিজেদের বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন।
ট্রেনটি ওড়িশার বালেশ্বর স্টেশন ছাড়ার কিছুক্ষণ পরই কচিরান নেশার তীব্র প্রসব বেদনা শুরু হয়। পরিস্থিতি বুঝে সহযাত্রী মহিলারা এগিয়ে আসেন। তাঁদের সহযোগিতাতেই চলন্ত ট্রেনের কামরাতেই তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন।
ঘটনার খবর পেয়ে ট্রেনের দায়িত্বপ্রাপ্ত টিকিট পরীক্ষক দ্রুত রেল পুলিশ ও খড়গপুর নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ট্রেনটিকে দ্রুত বেলদা স্টেশনে থামানোর ব্যবস্থা করা হয়।
ট্রেনটি বেলদা স্টেশনে পৌঁছানোর পর রেল পুলিশের কর্মীরা প্রসূতি ও সদ্যোজাতকে অত্যন্ত সতর্কতার সঙ্গে নামিয়ে আনেন। সেখান থেকে তাঁদের দ্রুত বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, মা ও নবজাতক দুজনেই এখন সুস্থ আছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।