পরীক্ষার দিন সকালে অস্বাভাবিক মৃত্যু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর

Feb 14, 2026 - 09:16
 15
পরীক্ষার দিন সকালে অস্বাভাবিক মৃত্যু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর

স্টাফ রিপোর্টার ঃ প্রথম পরীক্ষা দেওয়ার পর দ্বিতীয়পত্রের পরীক্ষার দিন সকালেই অস্বাভাবিক ভাবে মৃত্যু হল এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর। শুক্রবার উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট থানার বাগুন্ডী গ্রামে বাড়ি থেকে ঈশিতা চক্রবর্তী-র (১৮) ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সকালে বাবা-মা ঘুম থেকে উঠে দেখেন দীর্ঘ সময় ধরে মেয়ে ঘর থেকে বেরোচ্ছে না। ডাকাডাকি করেও কোনও সাড়া মেলেনি। এরপর দরজায় ধাক্কা দিলে দেখা যায় দরজাটি ভিতর থেকে বন্ধ। কোনও রকমে দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পান তাঁরা। মুহূর্তেই কান্না ও চিৎকারে গোটা বাড়ি ও এলাকা শোকস্তব্ধ হয়ে পড়ে।

খবর পেয়ে বসিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কী কারণে এই মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়। পরীক্ষার চাপ, মানসিক অবসাদ নাকি অন্য কোনও কারণ—সব দিক খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।